নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত ঐতিহাসিক বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কারুপল্লি পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সোমবার (১৯ অক্টোবর) সকালে তিনি এই কারুপল্লি ঘুরে দেখেন।
পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূতকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম। এ সময় ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সফরকালে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি বয়নশিল্পসহ দেশের বিভিন্ন লোকজ কারুশিল্পের উৎপাদন ও বিপণন প্রক্রিয়া খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেন। বাংলাদেশের সমৃদ্ধ লোকজ শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্যের ভূয়সী প্রশংসা করে তিনি এসব কারুশিল্পের কাজ ও বিপণন কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে গভীর আগ্রহ প্রকাশ করেন।
সংক্ষিপ্ত এই পরিদর্শনে অত্যন্ত সন্তোষ প্রকাশ করে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ভবিষ্যতে এই জাদুঘর ও কারুপল্লি আরও বিস্তারিতভাবে ঘুরে দেখার আগ্রহ ব্যক্ত করেন।
বাংলাদেশের লোকজ শিল্প, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি এমন আন্তরিক আগ্রহ প্রকাশ করায় মার্কিন রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপপরিচালক (চলতি দায়িত্ব) মো. নাসিব ইসলাম অভি, গবেষণা কর্মকর্তা (চলতি দায়িত্ব) এ কে এম মুজ্জাম্মিল হক এবং পানাম সিটির সহকারী কাস্টোডিয়ান তানজিলুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
