চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সামনে থাকা কাভার্ড ভ্যানের হঠাৎ ব্রেকের পর সেটির পেছনে পিকআপের ধাক্কায় চালক নিহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াজ রাঙামাটি সদর উপজেলার কলেজ গেট এলাকার আব্বাস আলীর ছেলে।
পিকআপের সহযোগী মোহাম্মদ নিরব বলেন, আমরা পিকআপ নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলাম। পথে সামনে থাকা একটি কাভার্ড ভ্যান হঠাৎ ব্রেক করলে আমাদের পিকআপটি নিয়ন্ত্রণ করতে না পেরে সেটির পেছনে ধাক্কা দেয়। এতে চালক রিয়াজ গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান বলেন, একটি অজ্ঞাতনামা গাড়ি হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা পিকআপটি সেটিতে ধাক্কা দেয়। এতে পিকআপচালক নিহত হন।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত পিকআপটি পুলিশ হেফাজতে রয়েছে।
The post সামনে থাকা কাভার্ড ভ্যানের হঠাৎ ব্রেক, প্রাণ গেল পিকআপচালকের appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
