ইতিহাস গড়ে সোবাহানা মোস্তারি শুধু নিজের দলেরই নয়, প্রতিপক্ষের সমীহ আদায় করে নিয়েছিলেন। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরির কীর্তি করেছেন সোবহানা। ডানহাতি ব্যাটারের ওয়ানডেতে নিজের প্রথম সেঞ্চুরির পরপরই স্টেডিয়াম করতালিতে ভরে উঠে। গ্যালারিতে হয় উৎসব, প্রতিপক্ষরাও জানায় অভিনন্দন।সোবহানার ১১৮ ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ৭৪ রানের ইনিংসে বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে ২২০ রান করে। জবাব দিতে নেমে জর্জিয়া ভলের ১৩১ রানের অপরাজিত ইনিংসে অস্ট্রেলিয়া ২৮.১ ওভারে ৯ উইকেটের জয় তুলে নেয়। এছাড়া ফিবি লিচফিল্ড করেন ৭০ রান। অনায়েস জয়ে এক ম্যাচ হাতে রেখে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
ব্রিসবেনে অস্ট্রেলিয়ার আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ৮ রান তুলতে ৩ উইকেট হারায় অতিথিরা। ফারজানা হক ও শারমীন সুলতানা রানের খাতা খুলতে পারেননি। শারমিন আক্তার করেন ৫ রান। ফারজানা হকের এটি ওয়ানডেতে দ্বাদশ ডাক। ১১ ডাক করা নাহিদা আক্তারকে ছাড়িয়ে শীর্ষে উঠে গেছেন।
খাদের কিনারায় থাকা দল উদ্ধার হয় নিগার সুলতানা ও সোবহানা মোস্তারির ব্যাটে। চতুর্থ উইকেটে ১৯৫ রানের জুটি গড়েন তারা। রেকর্ড রানের জুটিতে ভাস্বর হন দুজন। এর আগে চতুর্থ উইকেটে ফারজানা হক ও ফাহিমা খাতুনের জুটি ছিল ৯৩ রানের। শুধু তাই নয় ওয়ানডেতে এটি বাংলাদেশের যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ডও।সোবহানা ১১৮ রান করেন ১৩৪ বল খেলে, ১৮ চারে সাজিয়ে। ওয়ানডেতে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস এখন তার দখলে। ফারজানা হকের ১০৭ রান পেরিয়ে গেছেন গেছেন। এছাড়া অধিনায়ক নিগার সুলমান ১১৪ বলে করেন ৭৪ রান। ৭ বাউন্ডারি ছিল তাদের ইনিংসে।
৬ উইকেটে ২২০ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে মেগান স্কাট ৩৬ রানে নেন ৪ উইকেট।
ওয়ানডের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য এই রান একেবারেই মামুলী। বাংলাদেশের বোলাররাও পারেননি প্রতিরোধ গড়তে। জর্জিয়ার নান্দনিক সেঞ্চুরি ও ফিবির দুর্দান্ত ফিফটিতে অনায়েসেই জয়ের বন্দরের দেখা পায় তারা। ফিবি স্বর্ণা আক্তারের বলে ৭০ রানে থামলেও জর্জিয়া ছিলেন অনবদ্য। তাকে থামানোর কোনো উত্তর জানা ছিল না বাংলাদেশের বোলারদের।
১৩১ বল হাতে রেখে ৯ উইকেটের বিশাল জয়ে অস্ট্রেলিয়া নিশ্চিত করে ওয়ানডে সিরিজ। ১৪ অক্টোবর একই মাঠে হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।
The post সোবহানার রেকর্ড ১১৮ রানের জবাবে জর্জিয়ার ১৩১, সিরিজ অস্ট্রেলিয়ার appeared first on Mohona Tv.
