দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সাতজন এবং হামের উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ২৪৯ জন।
রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু ও হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত মোট মৃত্যু দাঁড়াল ৩৮৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে মৃতদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুজন ও রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন।
একই সময়ে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সবচেয়ে বেশি ৬০৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্য বিভাগ ও সিটি করপোরেশনে ভর্তি রোগীর সংখ্যা:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ২৭৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন: ২২৭ জন,
রাজশাহী বিভাগ: ২২৪ জন, চট্টগ্রাম বিভাগ: ২১৭ জন, বরিশাল বিভাগ: ২১১ জন,
ময়মনসিংহ বিভাগ: ১৫৫ জন, রংপুর বিভাগ: ৮২ জন, সিলেট বিভাগ: ৩০ জন।
চলতি বছর ডেঙ্গুতে মৃত ৩৮৪ জনের মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগেই মারা গেছেন ১৮৩ জন। অন্য বিভাগে মৃত্যু হয়েছে খুলনায় ৬৮ জন, চট্টগ্রামে ৩৭ জন, ময়মনসিংহে ৩৩ জন, বরিশালে ২৮ জন, রাজশাহীতে ২৫ জন, রংপুরে ৭ জন ও সিলেটে ৩ জনের।
হাম: স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৫৬ জন। এর মধ্যে এক হাজার ২৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণ দাঁড়িয়েছে দুই লাখ ২১ হাজার ১৬৪ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৬ জন, ফলে এ পর্যন্ত নিশ্চিত আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৪০০ জন।
গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২২৭ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ১২৩ জনের মৃত্যু হয়েছে।
একই সময় থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে এক লাখ ৯৬ হাজার ৭০৩ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে এক লাখ ৮৮ হাজার ৬৭৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বিআলো/শিলি