প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘শুধু একটা স্নাইপার এর অভাব ছিল’ এমন মন্তব্য করায় রাজশাহীর নিউ গভ. ডিগ্রি কলেজের শিক্ষার্থী আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চিঠি দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। একই সঙ্গে ওই মন্তব্যকে ‘হিংসাত্মক ও আক্রমণাত্মক’ উল্লেখ করে শিক্ষার্থীর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার স্বাক্ষরিত চিঠিতে এ অনুরোধ জানানো হয়।
চিঠিতে বলা হয়, কলেজের ইতিহাস বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী মো. আবু বকর সিদ্দিক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর সফরসংক্রান্ত একটি ছবিতে আপত্তিকর মন্তব্য করেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করে।
চিঠিতে উল্লেখ করা হয়, একজন শিক্ষার্থীর এমন মন্তব্যকে কলেজের একাডেমিক কাউন্সিল ‘হিংসাত্মক ও আক্রমণাত্মক’ হিসেবে বিবেচনা করেছে। রোববার অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় ওই শিক্ষার্থীর বিরুদ্ধে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানোর সিদ্ধান্ত নেয়া হয়।
অধ্যক্ষের স্বাক্ষরিত চিঠিটি ২৫ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পাঠানো হয়।
এদিকে, একই দিন অনুষ্ঠিত কলেজের একাডেমিক কাউন্সিলের কার্যবিবরণীতেও বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।
কার্যবিবরণী অনুযায়ী, সভায় কলেজের শিক্ষার্থীর করা মন্তব্যের বিষয়ে আলোচনা শেষে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার।
এদিকে, রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে ব্যবহৃত বাসের ছবি দিয়ে ফেসবুকে করা একটি পোস্টে স্নাইপার দিয়ে গুলি করার ইঙ্গিতপূর্ণ মন্তব্যের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার যুবক আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার কারাগারে আটক থাকা আসামিকে এদিন আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক মো. ইয়াছিন পাইক সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
সেই আবেদনে বলা হয়, দেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা বিঘ্নিত করার চক্রান্ত ও রাষ্ট্রপ্রধানের ওপর হামলার উসকানি দেয়ায় জড়িত অন্যান্য অজ্ঞাত আসামিদের তথ্য উদ্ঘাটনে সিদ্দিককে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের প্রয়োজন।
বক্তব্যের নেপথ্যে কোনো সুসংগঠিত সন্ত্রাসী গোষ্ঠী বা স্নাইপার বা অস্ত্র সরবরাহকারী চক্র জড়িত আছে কি না, তা নিশ্চিত করা। গ্রেপ্তার আসামি কোনো সুসংগঠিত সন্ত্রাসী গোষ্ঠী বা চক্রের কিংবা নিষিদ্ধ সংগঠনের সদস্য কি না, তা অনুসন্ধান করা। মামলার ঘটনার সঙ্গে কোনো চক্র বা মাস্টারমাইন্ডের সম্পৃক্ততা বা উপস্থিতি রয়েছে কি না, তা খতিয়ে দেখা। আসামির নিকট হতে জব্দ করা আলামত ছাড়াও অন্য কোনো ডিভাইস বা ডিজিটাল আলামত উদ্ধার ও জব্দ করা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত শুনানি শেষে আসামির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’
মামলা সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারির সময় একটি ফেসবুক গ্রুপে পোস্ট করা প্রধানমন্ত্রীকে বহনকারী রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাসের ছবি দেখতে পায়। ওই পোস্টের মন্তব্যে লেখা হয়- ‘ইস একটা বড় সুযোগ ছিলো, শুধু একটা স্নাইপার এর অভাব ছিলো।’
উসকানিমূলক ও হুমকিযুক্ত এই মন্তব্যের বিষয়টি নজরে আসার পরপরই তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে ডিবি পুলিশ। পরে ডিবি ও রাজশাহী মহানগর পুলিশ যৌথ অভিযান চালিয়ে ২১ অক্টোবর বিকাল ৫টায় রাজশাহীর পবা থানার ঘোল হাড়িয়া দক্ষিণপাড়া এলাকার একটি বাসা থেকে আবু বকর সিদ্দিক ও তার বাবা মো. আয়নাল হককে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিদ্দিক তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে ওই কমেন্টটি করার কথা স্বীকার করেন। তবে তার বাবা সোশ্যাল মিডিয়া বা ঘটনার বিষয়ে কিছু না জানায় প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়।
এ ঘটনায় ঢাকা উত্তরের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের উপপরিদর্শক মো. মানিক হোসেন বাদী হয়ে রাজধানীর রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।
