ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের আত্মসংশোধনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, অতীতে কোনো রাজনৈতিক দল নিজেদের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়নি। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে আপসহীন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ভোলার লালমোহন উপজেলা মাল্টিপারপাস হলরুমে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।
স্পিকার বলেন, ‘যারা ক্ষমতাসীন দলের নেতাকর্মী, তারা নিজেদের সংশোধন করুন। ইতোমধ্যে দেখেছেন, ঢাকায় এক নারী সংসদ সদস্যের বিরুদ্ধে হাসপাতাল দখলের অভিযোগ ওঠার পর প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। প্রতিমন্ত্রী ইশরাক হোসেনও পদত্যাগ করেছেন।’
স্পিকার আরও বলেন, ‘ইশরাক হোসেন কাজটা ভালোই করেছেন। একদল মাদকসেবীকে দমন করতে গিয়েছেন। তবে তার হাতে অস্ত্র নেওয়াটা ঠিক হয়নি। একজন নেতা বা মন্ত্রীর হাতে আইনি বা বেআইনি অস্ত্র শোভা পায় না।’
এ কারণে প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন উল্লেখ করে হাফিজ উদ্দিন বলেন, ‘তবে তার কাজটা ভালো। তিনি দুর্বৃত্ত দমন করতে গিয়েছেন। সেই জন্য সাধারণ মানুষ পরবর্তীতে কোনো একসময় মূল্যায়ন করবেন।’
বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে স্পিকার বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের শাসনামলে শেখ হাসিনা ও তার দলের সংসদ সদস্যরা ব্যাপক লুটপাট করেছেন। তারা দেশের সম্পদ বিদেশে নিয়ে প্রাসাদ তৈরি করেছেন।
ক্ষমতাচ্যুত হওয়ার পর তারা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলেও অভিযোগ করেন স্পিকার।
স্পিকার বলেন, ‘তারা মনে করেছিলেন, কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবেন। আওয়ামী লীগের ইতিহাসের পুনরাবৃত্তি দেশে হতে দেওয়া হবে না।’
লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষসহ সরকারি কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে স্পিকারকে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে স্পিকার উপজেলার ১৫০ জন অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।
