স্পোর্টস ডেস্ক।।
সঞ্জু স্যামসনের ঝড়ো ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ে জয় তুলে নিয়েছে ভারত। ক্রাইস্টচার্চে বৃহস্পতিবার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের দেওয়া ২২৬ রানের লক্ষ্য ২ বল হাতে রেখে ৬ উইকেট হারিয়ে পেরিয়ে যায় সফরকারীরা।
টি-টোয়েন্টিতে এটিই ভারতের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। মাত্র ৩৩ বলে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন স্যামসন।
তার ইনিংসে ছিল ৮টি চার ও ৪টি ছক্কা। চলতি বছরে ২৬ ইনিংসে এটি তার অষ্টম পঞ্চাশোর্ধ্ব ইনিংস। স্যামসনের দুর্দান্ত শুরুর পর মাঝের ওভারগুলোতে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। তবে অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ৪২ রান এবং নামান ধীরের মাত্র ১৫ বলে অপরাজিত ৪২ রানের ক্যামিওতে জয় নিশ্চিত করে দলটি।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ফিন অ্যালেনের ২৪ বলে ৪৫ এবং গ্লেন ফিলিপসের ৪০ বলে অপরাজিত ৮২ রানের ইনিংসে ৮ উইকেটে ২২৫ রান করে নিউজিল্যান্ড। ঘরের মাঠে টি-টোয়েন্টিতে এটিই কিউইদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ভারতের বিপক্ষে তাদের এই সংগ্রহ যৌথভাবে সর্বোচ্চ।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ভারত। স্যামসন ও অভিষেক শর্মার উদ্বোধনী জুটিতে আসে ৯৩ রান। ১২ বলে ২৯ রান করেন অভিষেক। পাওয়ারপ্লের ছয় ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৬৫ রানে ১ উইকেট।
তবে মাঝের ওভারগুলোতে ম্যাচের চিত্র পাল্টে যায়। নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনার ও মাইকেল ব্রেসওয়েলের চাপে মাত্র ৭ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় ভারত। ৯৩ রানে বিনা উইকেট থেকে ১১তম ওভারে দলটির সংগ্রহ দাঁড়ায় ১২২ রানে ৪ উইকেট। বড় বাউন্ডারিতে ছক্কা মারতে গিয়ে ফেরেন ইশান কিষান ও তিলক ভার্মা।
এরপর হাল ধরেন শ্রেয়াস। ১৫তম ওভারে ফিন অ্যালেন একটি কঠিন ক্যাচ ফেলায় জীবন পান তিনি। তখন শেষ ৩০ বলে ভারতের প্রয়োজন ছিল ৫৫ রান, হাতে ৫ উইকেট। শ্রেয়াসের সঙ্গে ব্যাট করতে নেমে নামান ধীর চাপ সামলে দ্রুত রান তুলতে থাকেন। শেষ পর্যন্ত তাদের কার্যকর ব্যাটিংয়েই জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
এর আগে নিউজিল্যান্ডের ইনিংসে শুরু থেকেই ঝড় তোলেন অ্যালেন ও ফিলিপস। প্রথম ছয় ওভারেই ৬৫ রান তোলে স্বাগতিকরা। টিম সেইফার্ট ১৭ বলে ২৪ রান করে আউট হন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় চার বছর পর বল করতে নেমে ভুবনেশ্বর কুমার প্রথম ওভারে ভালো করলেও পরের ওভারেই সেইফার্টের আক্রমণে ১৭ রান দেন।
অ্যালেন আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভারতের বোলারদের চাপে রাখেন। পরে ফিলিপসও চালিয়ে খেলেন। শেষ দিকে বেভন জ্যাকবসের ১৬ বলে ৩১ রানের ইনিংস নিউজিল্যান্ডকে ২২৫ রানে পৌঁছে দেয়। তার ইনিংসের উল্লেখযোগ্য মুহূর্ত ছিল আর্শদীপ সিংয়ের বলে প্রথম বলেই ছক্কা।
ভারতের হয়ে অক্ষর প্যাটেল সবচেয়ে খরুচে বোলার ছিলেন। ৪ ওভারে ৫১ রান দেন তিনি। শেষ পাঁচ ওভারেই ৬৭ রান তোলে নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিও শনিবার হ্যাগলি ওভালে অনুষ্ঠিত হবে।
