
জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীর হাতে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা এলাকার ৫৪৮ মেধাবী ছাত্রীর হাতে গোলাপি রঙের বাইসাইকেল তুলে দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
এ ছাড়া ১ হাজার ৫০০ শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হয়েছে জাইমা রহমানের ছবি সংবলিত মগ। একই সঙ্গে অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষুচিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
রোববার সকালে শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারীশিক্ষার প্রসার, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং পড়াশোনায় উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকেরা।
আয়োজকদের তথ্য অনুযায়ী, দুই দিনে প্রায় ৪ হাজার মানুষকে চক্ষুচিকিৎসা সেবার আওতায় আনা হয়েছে। এর আগে মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নে দুই হাজার মানুষকে বিনামূল্যে চক্ষুচিকিৎসা দেওয়া হয়। রোববার দুপুরে শিবগঞ্জের আলিয়ারহাট রোকেয়া-ছাত্তার উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় দিনের মতো চক্ষুচিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম পরিচালিত হয়।
বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে অতীতেও দোয়া মাহফিল, এতিমদের খাবার বিতরণ, চিকিৎসাসেবা ও চক্ষুচিকিৎসাসহ বিভিন্ন মানবিক কর্মসূচি পালন করা হয়েছে। এবারও শিক্ষার্থীদের কল্যাণে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, জিয়া পরিবারের মঙ্গল কামনায় গত ২০ বছর ধরে প্রতি শুক্রবার দেওয়ানতলা মাজার এলাকায় অসহায় মানুষের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হচ্ছে। মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কল্যাণে কাজ করাই এসব কর্মসূচির মূল উদ্দেশ্য।
নারীশিক্ষার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আজকের ছাত্রীরাই আগামীর ভবিষ্যৎ। মেয়েদের নিরাপদ পরিবেশে পড়াশোনা নিশ্চিত করতে হবে। বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত করতে পারে এবং পড়াশোনা চালিয়ে যেতে পারে, সে জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে।
চক্ষুচিকিৎসা সেবা কার্যক্রমে বক্তব্য দিতে গিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতির সমালোচনা করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি অভিযোগ করেন, দলটি ধর্মকে পুঁজি করে রাজনীতি করে এবং নির্বাচনের সময় ধর্মীয় আবেগকে কাজে লাগায়। ভোটের সময় টুপি পরে ও ধর্মীয় আবহে প্রচারণা চালানোর পর নির্বাচনের বাইরে তাদের কর্মকাণ্ডে ভিন্ন চিত্র দেখা যায় বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের কল্যাণের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং খাল খননসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
মীর শাহে আলম বলেন, মোকামতলা ও শিবগঞ্জ এলাকার চোখের সমস্যায় আক্রান্ত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সবাইকে বিনামূল্যে চক্ষুসেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানসহ প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে ব্যারিস্টার জাইমা রহমান ও জিয়া পরিবারের সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।
