দেশের সর্ব-উত্তরের শীতপ্রবণ সীমান্ত জেলা পঞ্চগড়ে গত ৫ দিন ধরে তাপমাত্রা ১৯ ডিগ্রির ঘরে বিরাজ করছে। এতে এই জেলার শীত আসার আগেই শীতের পরশ অনুভূত হচ্ছে। গভীর রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশা পড়ছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত পাঁচ দিন এখানে তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে বিরাজ করে। পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিস এই তাপমাত্রা রেকর্ড করে। বুধবার এখানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ ডিগ্রি সেলসিয়াস। দিনের চেয়ে রাতে তাপমাত্রা কমে আসায় গভীর রাত থেকে সকাল পর্যন্ত বেশ শীত অনুভূত হচ্ছে। রাতে ঘুমাতে হচ্ছে গায়ে চাদর জড়িয়ে। শীত ঋতু আসার অনেক আগেই পঞ্চগড়ে শীতের আবহ শুরু হয়েছে। পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, পঞ্চগড়ে আবহাওয়ার পরিবর্তন অনুভূত হচ্ছে। আবহাওয়ার এই পরিবর্তনে জেলায় গভীর রাত ও ভোরে হালকা কুয়াশা পড়তে দেখা যাচ্ছে। সকালে কুয়াশার সঙ্গে যুক্ত হচ্ছে ঠাণ্ডা বাতাস। এতে এই জেলায়
শীতের আগমনী আবহ তৈরি হচ্ছে। তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এখন থেকে দিন দিন তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে বলে তিনি জানান।
