বিশ্ব ডাক দিবস ও ডাক সেবা উপলক্ষে চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসে (জিপিও) শুরু হয়েছে দুই দিনের ডাকটিকিট প্রদর্শনী ‘চট্টপেক্স ’২৬’।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে প্রদর্শনীর উদ্বোধন করেন ডাক বিভাগের পূর্বাঞ্চল সার্কেল, চট্টগ্রামের পোস্টমাস্টার জেনারেল (চলতি দায়িত্ব) শেখ সাইফুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পূর্বাঞ্চল সার্কেলের অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল (চলতি দায়িত্ব) মুহাম্মদ আবদুল্লাহ এবং চট্টগ্রাম বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ শফিউল আরেফিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জিপিওর সিনিয়র পোস্টমাস্টার খন্দকার শাহনূর সাব্বির।
প্রদর্শনীতে চট্টগ্রাম কালেক্টরস ক্লাবের ১৫ জন সংগ্রাহক তাঁদের সমৃদ্ধ ডাকটিকিট সংগ্রহ উপস্থাপন করছেন। এর মাধ্যমে দর্শনার্থীরা বিভিন্ন ধরনের ডাকটিকিট ও সংগ্রহের বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন।
চট্টগ্রাম কালেক্টরস ক্লাবের সভাপতি প্রবাল দে এবং সাধারণ সম্পাদক সুজয় সেন গুপ্ত প্রদর্শনীটি পরিদর্শনের জন্য সবাই আমন্ত্রণ জানান।
চট্টগ্রাম জিপিওর আয়োজনে এবং চট্টগ্রাম কালেক্টরস ক্লাবের সহযোগিতায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
The post চট্টগ্রাম জিপিওতে ডাকটিকিট প্রদর্শনী শুরু appeared first on Ctgtimes.com.
