কালবেলা · সাধারণ
ইটভাটার মেশিনে পিষ্ট হয়ে সুপারভাইজারের মৃত্যু
১১/১০/২০২৬

জামালপুরের মাদারগঞ্জে ইটভাটার চলন্ত মোল্ডিং মেশিনের চাকায় পিষ্ট হয়ে লিয়াকত আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার জোড়খালী ইউনিয়নের দক্ষিণ ঘুঘুমারী এলাকার ‘ভাই ভাই ব্রিকস’ নামের ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিয়াকত আলী উপজেলার গুনারীতলা ইউনিয়নের উত্তর জোড়খালী এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। দীর্ঘদিন তিনি নিজ মামা নজরুল ইসলামের মালিকানাধীন ওই ইটভাটার রক্ষণাবেক্ষণ ও সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জানা গেছে, কাঁচা ইট তৈরির কাজ চলাকালে অসাবধানতাবশত চলন্ত মোল্ডিং মেশিনের গাড়ির চাকায় চাপা পড়ে গুরুতর আহত হন লিয়াকত আলী। অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম রনি জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় জানান, ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরিবার থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মূল প্রতিবেদনে যান ↗