
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার মধ্যে আগামী পাঁচ দিন দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে পূর্বাভাসের শেষ দিকে সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রায় সামান্য পরিবর্তন হতে পারে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। পূর্বাভাসটি দিয়েছেন আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা।
পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এদিকে দক্ষিণপূর্ব ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় আগামী শুক্রবার (২৩ অক্টোবর) নাগাদ একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরে এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফতর জানায়, আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) আকাশ আংশিক মেঘলা থাকলেও সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এদিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আগামী শনিবার (২৪ অক্টোবর) সারাদেশে আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রোববার (২৫ অক্টোবর) আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস রয়েছে। এদিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তবে পাঁচ দিনের পূর্বাভাসের শেষ দিকে সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
The post পাঁচ দিন শুষ্ক থাকতে পারে আবহাওয়া appeared first on অর্থসূচক.
