গাইবান্ধায় ২৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
গাইবান্ধা পৌর এলাকার সবুজপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৪ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তার নেতৃত্বে ডিবি পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ৪০ মিনিটে গাইবান্ধা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সবুজপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে সবুজপাড়া এলাকার মৃত মনতাজ মিয়ার ছেলে মো. বাবু মিয়া (২৫) এবং কুঠিপাড়া এলাকার মো. রাব্বি মিয়ার ছেলে মো. শাহজালালকে (৩৮) গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, বাবু মিয়ার পাকা বসতবাড়ির পশ্চিম দুয়ারি কক্ষ থেকে ইয়াবা ট্যাবলেট কেনাবেচা ও সেবনের সময় তাদের আটক করা হয়। এ সময় বাবু মিয়ার পরিহিত প্যান্টের বাম পকেটে সাদা পলিথিনে মোড়ানো কমলা রঙের ২৪ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে সেগুলো জব্দ করা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে বাবু মিয়া ইয়াবা ট্যাবলেট কেনাবেচার উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেন। অপরদিকে শাহজালালও তার সঙ্গে ইয়াবা সেবনের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ও ৩৬(৫) ধারায় গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ২৯, তারিখ ১৮ অক্টোবর ২০২৬।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
