মাদক ও অপরাধ নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: আইজিপি
মাদক ও অপরাধের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
রোববার (২৫ অক্টোবর) বাগেরহাট জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, কিশোর গ্যাং ও উগ্রবাদবিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আইজিপি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় দলীয় নেতাকর্মীদের মাধ্যমে বিভিন্ন এলাকায় মাদকের আখড়া গড়ে তোলা হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে পুলিশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে।
পুলিশের জনবল ও প্রশিক্ষণ সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দেশে পুলিশের জনবল প্রায় ২ লাখ ৮ হাজার থেকে ২ লাখ ১৫ হাজারের মধ্যে রয়েছে। চলতি বছর আরও ২০ হাজার পুলিশ সদস্য নিয়োগের পরিকল্পনা রয়েছে। তবে একসঙ্গে এত সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার মতো পর্যাপ্ত অবকাঠামো নেই।

কর্মসংস্থানের অভাবে তরুণদের মধ্যে হতাশা বাড়ছে উল্লেখ করে আইজিপি বলেন, প্রতিবছর প্রায় ২৫ থেকে ২৭ লাখ মানুষ বেকারের তালিকায় যুক্ত হচ্ছেন। অথচ তরুণদের মধ্যে বিপুল মেধা, শক্তি ও সামর্থ্য রয়েছে। তাঁদের সম্ভাবনাকে কাজে লাগানোর সুযোগ তৈরি করতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন এবং পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম।
এ ছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমাবেশে উপস্থিত ছিলেন।
