ঈদগাঁওয়ে পিকআপ থেকে সাড়ে ১৮ হাজার ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:২৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কক্সবাজারের ঈদগাঁও বাজারে পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ১৮ হাজার ৭৫০টি ইয়াবা জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। এ ঘটনায় পিকআপচালক জামাল উদ্দিনকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে ঈদগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আলমাছিয়া মাদ্রাসাসংলগ্ন শাকিল ট্রেডিংয়ের সামনে অভিযান চালানো হয়।
এসআরবি-১৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি দল জানতে পারে, পিকআপে করে ইয়াবার বড় চালান পাচার করা হচ্ছে। পরে সেখানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় পিকআপে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৮ হাজার ৭৫০টি ইয়াবা পাওয়া যায়।
অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যান, দুটি মুঠোফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার জামাল উদ্দিন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া গ্রামের জসিম উদ্দিন ও রোজিনা আকতারের ছেলে।
এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
