চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশের সম্ভাবনা রয়েছে। ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ চূড়ান্ত করতে আগামী ২৩ ও ২৪ অক্টোবর সংশ্লিষ্টদের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দেশে ফেরার পর ফল প্রকাশের তারিখ নিয়ে আলোচনা হবে। বিশেষ করে চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নের অগ্রগতি বিবেচনায় নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ওই কর্মকর্তা আরও জানান, শুরুতে নভেম্বরের ১ থেকে ১৫ তারিখের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা ছিল। তবে উত্তরপত্র মূল্যায়নের কাজ প্রত্যাশার চেয়ে এগিয়ে থাকায় ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের সম্ভাবনা তৈরি হয়েছে। অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি দেখা না দিলে এ সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হতে পারে।
এবার পরীক্ষায় অংশ নেন ১২ লাখের বেশি শিক্ষার্থী
২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন নিবন্ধিত শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট।
তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরবর্তী সময়ে স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হয় এবং গত ৯ সেপ্টেম্বর ওই বোর্ডের পরীক্ষা শেষ হয়।
অনলাইনে ও এসএমএসে ফল জানার নিয়ম
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট educationboardresults.gov.bd থেকে নিজেদের ফল জানতে পারবেন। এ জন্য ওয়েবসাইটে প্রবেশ করে ‘Result’ অপশনে গিয়ে পরীক্ষার নাম, সাল, শিক্ষা বোর্ড, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। সেখান থেকে ফলাফলের পাশাপাশি মার্কশিটও সংগ্রহ করা যাবে।
এ ছাড়া মোবাইল ফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়েও ফল জানা যাবে। এ ক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে HSC লিখে একটি স্পেস, বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ হিসেবে, ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীকে HSC DHA 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে তার ফলাফল জানিয়ে দেওয়া হবে।
