সিলেট ভয়েস ডেস্ক · ১৮ অক্টোবর, ২০২৬ ৩:২৫ অপরাহ্ন
সিলেট বিভাগে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) শনিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মারা যাওয়া ব্যক্তির বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায়। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে।
এদিকে, একই সময়ে নতুন করে আরও ১৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নতুন শনাক্ত ১৫ জনের মধ্যে চারজন হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে, চারজন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে, তিনজন লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজন করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, মাউন্ট এডোরা হাসপাতাল, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনাক্ত হয়েছেন।
এ নিয়ে চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ১৮ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৬৩৮ জনের। তাঁদের মধ্যে হবিগঞ্জে ২৭৬, সুনামগঞ্জে ১৩৯, সিলেটে ১৩৩ ও মৌলভীবাজারে ৬৭ জন রয়েছেন। এ ছাড়া অন্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নিতে গিয়ে আরও ২৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫০ জন চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ছয়, মাউন্ট এডোরা হাসপাতালে একজন, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাত, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, হবিগঞ্জ সদর হাসপাতালে ১১, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন এবং শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রয়েছেন।
গুগলে আমাদের খবর পেতে
