বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা-২০২৬ শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বিকেল ৩টায় নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপির সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।
সভায় চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন বৌদ্ধবিহার ও ধর্মীয় উপাসনালয়ে প্রবারণা পূর্ণিমা উদ্যাপন নির্বিঘ্ন করতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ, জননিরাপত্তা এবং ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, প্রবারণা পূর্ণিমা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট অংশীজন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উন্মুক্ত আলোচনায় অংশ নেন। এ সময় উৎসবকে কেন্দ্র করে সম্ভাব্য নিরাপত্তা চ্যালেঞ্জ, সার্বিক ব্যবস্থাপনা ও করণীয় বিষয়ে তাঁরা মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে সিএমপি কমিশনার উপস্থিত সবার মতামত শোনেন এবং প্রবারণা পূর্ণিমা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সভায় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএমসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
এ ছাড়া চট্টগ্রাম বৌদ্ধবিহার পরিচালনা কমিটির প্রতিনিধি, সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
