মোটরসাইকেলের সামনের দিকেও ম্যানুয়াল নম্বর প্লেট সংযোজন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সড়কে শৃঙ্খলা ফেরানো ও কৃত্রিম বুদ্ধিমত্তার নজরদারি জোরদার করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ১৫ নভেম্বরের মধ্যে নিজস্ব ব্যবস্থাপনায় এ নম্বর প্লেট স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিআরটিএর জরুরি গণবিজ্ঞপ্তিতে মোটরসাইকেলের মালিকদের নির্ধারিত সময়সীমা ও শর্ত অনুসরণ করে নিজ উদ্যোগে গাড়ির সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে আরএফআইডি (RFID) যুক্ত রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট ব্যবহারের বিধান রয়েছে। তবে সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা ও নজরদারি জোরদার করতে পেছনের পাশাপাশি সামনের দিকেও নিবন্ধন নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মোটরসাইকেলের মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত শর্ত মেনে ম্যানুয়াল নম্বর প্লেট স্থাপন করতে হবে।
বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, সামনের নম্বর প্লেটটি স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। যেখানে সাদা পটভূমির ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। নম্বর প্লেটে কোনো ধরনের নকশা বা অতিরিক্ত শোভাবর্ধনের সুযোগ থাকবে না।
