আজকাল ওয়েবডেস্ক: উত্তর দিনাজপুরের গোয়ালপোখরেতে জাল লটারির কারবারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম অমিত পোদ্দার। তাঁর বাড়ি পাঞ্জিপাড়া এলাকায়। পুলিশি অভিযানে তাঁর বাড়ি থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের জাল লটারি উদ্ধার হয়েছে বলে দাবি তদন্তকারীদের। যদিও অমিতের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তাঁর স্ত্রী। তাঁর দাবি, ষড়যন্ত্র করে তাঁর স্বামীকে এই ঘটনায় জড়ানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে গোপন সূত্রে জাল লটারি মজুত রাখার খবর আসে। এরপর ইসলামপুর পুলিশ জেলার অ্যান্টি ক্রাইম শাখা এবং পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ যৌথভাবে অমিতের বাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকেই বিপুল পরিমাণ লটারি উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে। এরপর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার তাঁকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
এত বিপুল পরিমাণ লটারি কোথা থেকে এল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এর পিছনে কোনও সংগঠিত চক্র রয়েছে কি না, লটারিগুলি কোথায় সরবরাহ করার পরিকল্পনা ছিল এবং এই কারবারে আরও কেউ যুক্ত রয়েছেন কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
অন্যদিকে, ধৃতের স্ত্রীর বক্তব্য, তাঁর স্বামী নির্দোষ এবং তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তাঁর দাবি, এক টোটোচালক টিকিটের দু’টি কার্টন তাঁদের বাড়িতে রেখে চলে যান। ওই ঘটনার সঙ্গে তাঁর স্বামীর কোনও যোগ নেই বলেই দাবি করেছেন তিনি। পাশাপাশি, অমিতের একটি নিজস্ব লটারি এজেন্সি রয়েছে এবং তিনি সরকারি অনুমোদিত লটারি বিক্রি করেন বলেও জানিয়েছেন তাঁর স্ত্রী।
পুলিশের তদন্তে উদ্ধার হওয়া লটারির উৎস এবং তার সঙ্গে ধৃতের যোগসূত্র সম্পর্কে কী তথ্য উঠে আসে, এখন সেদিকেই নজর রয়েছে।
