সভায় কোম্পানির এমডি পদে মোহাম্মদ জাহাঙ্গীর আলমের পাঁচ বছরের জন্য পুনর্নিয়োগ অনুমোদিত হয়।
Published : 25 Oct 2026, 11:01 PM
Updated : 25 Oct 2026, 11:01 PM
জিপিএইচ ইস্পাত লিমিটেডের ২০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিদায়ী অর্থবছরের জন্য স্পনসর ও পরিচালক ছাড়া শুধুমাত্র সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়েছে।
একইসঙ্গে রোববার অনুষ্ঠিত সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক পদে মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে পাঁচ বছরের জন্য পুনর্নিয়োগ অনুমোদিত হয়। এছাড়াও স্বতন্ত্র পরিচালক পদে রেজিনা পারভীনকে তিন বছরের জন্য নিয়োগ এবং শফিউল আলম খান চৌধুরীকে তিন বছরের জন্য পুনর্নিয়োগে অনুমোদন হয়েছে।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বেলা ১১টায় হাইব্রিড প্ল্যাটফর্মে এজিএম অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আলমগীর কবির।
আরও উপস্থিত ছিলেন গ্রুপ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, পরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান, আব্দুল আহাদ এবং আজিজুল হক, স্বতন্ত্র পরিচালক শফিউল আলম খান চৌধুরী, রেজিনা পারভীন, পরিচালক সাদমান সাইকা সেফা, সালেহীন মুশফিক সাদাফ এবং সায়হাম সাদিক পিয়াল।
এছাড়াও গ্রুপ সিইও মোক্তার হোসেন তালুকদার, গ্রুপ সিএফও এইচএম আশরাফুজ্জামান, সিএফও আতিকুর রহমান চৌধুরী, বিধিবদ্ধ নিরীক্ষক, করপোরেট গভর্ন্যান্স কমপ্লায়েন্স নিরীক্ষক, স্বতন্ত্র স্ক্রুটিনাইজার এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার সভায় যোগ দেন।
কোম্পানি সচিব মোশাররফ হোসেন সভা সঞ্চালনা করেন।
সভায় বিদায়ী অর্থবছরের কোম্পানির আর্থিক প্রতিবেদন, সংশ্লিষ্ট নিরীক্ষা প্রতিবেদন এবং পরিচালনা পর্ষদের প্রতিবেদন সর্বসম্মতি ক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।
