চুরির অভিযোগে ধৃতছবি:এক্স
Published on
:
2 min read
গাড়ি কেনার জন্য কাকার বাড়ি থেকে সোনার গয়না চুরি করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। চুরি করা সোনার গয়না বিক্রির টাকায় দামী গাড়ি কিনে পুজোতে আমন্ত্রণ জানানো হয় সেই কাকাকেও। তবে শেষরক্ষা হলো না। গয়না চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ওই যুবককে। মহারাষ্ট্রের কোলাপুর জেলার ঘটনা।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সমর চহ্বান (Samar Chavan)। এই চুরির ঘটনা ঘটেছে কোলাপুরের পানহালা এলাকার সাতাভে (Satave) গ্রামে। ওই গ্রামেই কাকা উমেশ মারুতি চহ্বানের বাড়ির কাছে থাকতেন বছর ১৯-এর সমর। অভিযোগ, মাস খানেক আগে উমেশের বাড়ি থেকে প্রায় ১৭৫ গ্রাম সোনার গয়না চুরি করেছিলেন সমর। এর পরে সংগ্রাম বাবাসো মোরে (Sangram Babaso More) নামে স্থানীয় এক গয়না ব্যবসায়ীর মাধ্যমে ১০ লক্ষ টাকায় ওই গয়না বিক্রি করেছিলেন সমর। মহেন্দ্র থর গাড়ি কেনার জন্য ব্যবহার করা হয় সেই টাকা।
পুলিশ জানিয়েছে, নতুন গাড়ি কেনার পরে প্রথা মেনে পুজোর আয়োজনও করেন সমর। সেখানে তিনি আমন্ত্রণ জানান তার কাকা উমেশকেও। ওই অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হওয়ার সময়ে গয়নার খোঁজ করেন উমেশ। তখনই তিনি খেয়াল করেন যে তাঁর এবং তাঁর স্ত্রীর সোনার গয়নাগুলি নেই। এদিকে, তাঁর ঠাকুরমার গয়নাগুলি সেখানেই পড়ে থাকতে দেখে সন্দেহ বাড়ে তাঁর। পরিরের কেউ এই গয়না চুরির সঙ্গে যুক্ত বলেও সন্দেহ করেন তিনি।
আধিকারিকরা জানিয়েছেন, দিন কয়েক আগেই গয়না চুরি নিয়ে স্থানীয় কোদোলি (Kodoli) থানায় অভিযোগ জানান উমেশ। এই নিয়ে তদন্ত শুরু করার পরেই হঠাৎ করে সমরের গাড়ি কেনার বিষয়টি নজরে আসে তাঁদের। কোথা থেকে তিনি এই গাড়ি কেনার টাকা পেয়েছেন তা জানতে জেরা করা হয় সমরকে। ওই জিজ্ঞাসাবাদেই সমর তার কাকার বাড়ি থেকে গয়না চুরির কথা স্বীকার করেছেন বলেও দাবি পুলিশের।
এর পরেই সমরের পাশাপাশি সংগ্রামকেও নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে বলে রবিবার জানিয়েছেন তাঁরা। এই নিয়ে আরও তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।
