কথার লড়াই ছিল, ছিল তিক্ততা। একসময় একে অন্যকে কটাক্ষও করেছেন। তবে বিপদের খবরে পুরোনো বিবাদ ভুলে সহশিল্পী আসিফ আকবরের পাশে দাঁড়ালেন চিত্রনায়ক ওমর সানী। আসিফের গাড়িতে গুলির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তাঁর দীর্ঘায়ু কামনা করেছেন এই অভিনেতা।
শনিবার (২৪ অক্টোবর) সকালে নিজের ফেসবুক পোস্টে ওমর সানী লেখেন, ‘গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলি করা একটা অশনি সংকেত। এটা হওয়া উচিত না। আসিফ, তোমার দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ ভালো রাখুন তোমাকে।’
শনিবার ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। ঘটনার সময় গাড়িতে ছিলেন না এই সংগীতশিল্পী। ফলে তিনি অক্ষত রয়েছেন। তবে কে বা কারা, কী উদ্দেশ্যে গুলি চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্তে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে।
উল্লেখ্য, গত বছরের শেষদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আসিফ আকবর ও ওমর সানীর মধ্যে কথার লড়াই শুরু হয়। ফুটবল নিয়ে আসিফের মন্তব্যের পর ওমর সানী প্রতিক্রিয়া জানান। পরে এক পডকাস্টে ওমর সানীর ব্যক্তিগত জীবন নিয়ে আসিফের মন্তব্যকে কেন্দ্র করে বিরোধ আরও বাড়ে। একপর্যায়ে ভিডিও বার্তায় আসিফকে কড়া জবাব দেন ওমর সানী।
তবে এবার আসিফের গাড়িতে গুলির ঘটনায় সেই পুরোনো বিরোধের প্রসঙ্গ সরিয়ে তাঁর নিরাপত্তা ও সুস্থতা কামনা করলেন অভিনেতা।
