লক্ষ্মীপুর সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য
খোলা বাজার অনলাইন, ডেস্ক:
- আপডেট সময় : ০৮:৫৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
ছবি- সংগৃহীত।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
শিক্ষার পাশাপাশি নৈতিকতা অর্জনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃত ও নৈতিক শিক্ষার দিকে নজর না দিয়ে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন অনেক সময় বিপজ্জনক হতে পারে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) লক্ষ্মীপুর সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষা মানুষের চিন্তাশক্তি বাড়ায় এবং সত্য-মিথ্যা ও পক্ষপাতের মধ্যে পার্থক্য করতে শেখায়। শুধু পড়াশোনা শেষ করে চাকরি পাওয়াই প্রকৃত শিক্ষার উদ্দেশ্য নয়। শিক্ষার্থীদের নৈতিকতা চর্চার পাশাপাশি মানবকল্যাণ ও সমাজের উন্নয়নে নিজেদের নিয়োজিত রাখতে হবে।
তিনি আরও বলেন, সহশিক্ষা কার্যক্রম ও খেলাধুলার সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা জরুরি। এসব কার্যক্রমকে গুরুত্ব না দিলে শিক্ষাব্যবস্থা সমাজকে শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখতে পারবে না। নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা ও মানুষের কল্যাণে অবদান রাখার মানসিকতা নিয়ে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রসঙ্গ তুলে পানিসম্পদ মন্ত্রী বলেন, বর্তমান যুগে প্রযুক্তিকে কীভাবে কাজে লাগানো হবে, তা নির্ভর করে ব্যক্তির দক্ষতা ও উদ্দেশ্যের ওপর। এআই শিক্ষকের সহায়ক হিসেবে কাজ করতে পারে। চতুর্থ শিল্পবিপ্লবের ফলে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে শিক্ষার্থীরা নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারে।
লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি।

