মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘ইশরাক ভাই নতুনভাবে রাজনীতিতে নেমেছেন। তাঁর উদ্দেশ্য ভালো ছিল—মাদকের বিষয়টি যাতে বন্ধ হয়। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়লেন তিনি।’
সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সমস্যাটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর। গুলি কেন খেলেন ইশরাক ভাই? অর্থাৎ, স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করেন, আরেকজন সেই পাপের ভোগান্তিতে পড়েন। এটা আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা। মাঝখান দিয়ে ইশরাক ভাই ফাঁদে পড়ে গেলেন।’
তিনি বলেন, ‘হিন্দুধর্মাবলম্বীদের বিষয়ে আমরা শুনেছিলাম, বিএনপি সরকার নাকি সবাইকে নিরাপত্তা দেবে। কিন্তু হিন্দু ভাইয়েরা ভালো নেই। বিএনপি সরকার তাঁদের যথাযথ নিরাপত্তা দিতে পারেনি। গত তিন-চার মাসের যে তথ্য তারা দিয়েছিল, সেখানেও অনেক জায়গায় ভাঙচুরের ঘটনা দেখা গেছে।’
তিনি আরও বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের যে বিষয়টি, সেটি আপনাদের কাছে তুলে ধরার জন্য বলা হয়েছে। আমি আমার মুসলিম ভাইদের বলব, আমরা সবকিছুই করব। তবে হিন্দু ভাইয়েরা যাতে কোথাও ক্ষোভ, দুঃখ বা আঘাত না পান, সে বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে।’
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আবার এ কথা বলতে গিয়ে আজ আমাকে “শাহবাগী হিন্দুদের নতুন ভার্সন”—এ ধরনের ট্যাগ দিয়ে দিয়েন না। তাঁরা বিষয়টি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বলেছেন। তাঁরাও আপনাদের ভালোবাসেন, আর আপনারাও তাঁদের ভালোবাসেন। আমি আপনাদের কাছে বার্তাটি পৌঁছে দিয়েছি। এমন কোনো কাজ করবেন না, যাতে তাঁরা আহত হন। দরকার হলে আপনারা তাঁদের সঙ্গে বসুন। তাঁরাও আপনাদের সঙ্গে বসতে ইচ্ছুক। ভুল-বোঝাবুঝির অবসান হবে।’
