কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। একইসঙ্গে রিসোর্টিতে অগ্নিনিরাপত্তায় অবহেলার অভিযোগ তদন্ত করে দায়ীদের শাস্তির দাবি জানিয়েছে দলটি।
শনিবার (১৭ অক্টোবর) এক যৌথ শোকবার্তায় দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এ দাবি জানান।
শোকবার্তায় বলা হয়েছে, কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভ সংলগ্ন টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয় সদস্যের প্রাণ হারানো এবং তরুণ শিক্ষার্থীদের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। এ ঘটনায় স্বজনদের জীবনে যে অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে, তা কোনো সান্ত্বনার ভাষায় পূরণ হওয়ার নয়।
তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে অগ্নিকাণ্ডে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন দলটির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক।
শোকবার্তায় আরও বলা হয়েছে, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের প্রায় ছয় মাস আগে রিসোর্টটিতে অগ্নিনিরাপত্তা-সংক্রান্ত অনুমোদন না থাকার বিষয়টি ফায়ার সার্ভিসের নজরে এসেছিল বলে জানা গেছে। এরপরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হয়ে থাকলে তা গুরুতর দায়িত্বহীনতা।
এবি পার্টির নেতারা বলেন, যথাসময়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হলে হয়তো অনেকগুলো প্রাণ রক্ষা করা সম্ভব হতো।
তারা অগ্নিকাণ্ডের নিরপেক্ষ তদন্ত, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা খতিয়ে দেখা এবং অবহেলা বা দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে দায়ীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
দেশের সব হোটেল ও রিসোর্টে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর তদারকি জোরদারেরও দাবি জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক।
জেইউ/এইচএস
