মাঠে প্রতিপক্ষের সঙ্গে হাসিঠাট্টা থেকেই শুরু। আর সেই ঘটনা শেষ হলো লাল কার্ডে। মুখের ওপর হাত রেখে কিছু বলা, অভিযোগের পর ভিএআরের হস্তক্ষেপ, এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
ব্রাজিলের ঘরোয়া ফুটবলে আবারও বিতর্কের কেন্দ্রে নেইমার জুনিয়র। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, ভিএআরের পর্যালোচনায় লাল কার্ড এবং মাঠ ছাড়ার সময় হুমকির অভিযোগ, সব মিলিয়ে আলোচনায় সান্তোসের এই তারকা। তার এমন আচরণে ম্যাচের ফলাফলও অনেকটা আড়ালে পড়ে গেছে।
শনিবার (২৪ অক্টোবর) রাতে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে বাহিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে সান্তোস। তবে ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা হয়ে ওঠে নেইমারের লাল কার্ড এবং প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে তার বিরোধ।
ঘটনার শুরু ম্যাচের প্রথমার্ধে। বলের দখল নিয়ে লড়াইয়ের একপর্যায়ে বাহিয়ার মিডফিল্ডার রদ্রিগো নেস্টরের সঙ্গে বিবাদে জড়ান নেইমার। পরে প্রতিপক্ষের দিকে বল ছুড়ে মারায় হলুদ কার্ড দেখেন সান্তোসের ১০ নম্বর জার্সিধারী। এরপরও উত্তেজনা কমেনি। নেস্টরের পাশাপাশি বাহিয়ার অন্য খেলোয়াড়দের সঙ্গেও কথা-কাটাকাটি হয় তার। এমনকি বাহিয়ার কোচ রজেরিও সেনির সঙ্গেও তর্কে জড়িয়ে পড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
বিরতির সময় নেইমারের আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন নেস্টর। তার দাবি, নেইমার ব্যক্তিগতভাবে তাকে অপমান করার পাশাপাশি বাহিয়া ক্লাবকেও অসম্মান করেছেন। তবে ঠিক কী বলা হয়েছিল, তা প্রকাশ্যে আনতে রাজি হননি তিনি। নেস্টরের মতে, শিশুদের সামনে এ ধরনের কথা বলা সমীচীন নয়।
দ্বিতীয়ার্ধ শুরুর আগেও দুই খেলোয়াড়ের বিরোধ থামেনি। মাঠে ফিরে নেস্টরকে সরে গিয়ে খেলা শুরু করতে দেওয়ার অনুরোধ করেন নেইমার। এ সময় মুখের সামনে হাত রেখে নেস্টরকে কিছু বলেন তিনি। এরপরই রেফারি সাভিও সাম্পাইওর কাছে অভিযোগ জানান বাহিয়ার এই মিডফিল্ডার।
অভিযোগের পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্যে ঘটনাটি পর্যালোচনা করেন প্রধান রেফারি। ভিডিও দেখে নেইমারের আচরণকে শাস্তিযোগ্য বলে বিবেচনা করে তাকে সরাসরি লাল কার্ড দেখানো হয়।
তবে মাঠ ছাড়ার আগেও মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারেননি নেইমার। লাল কার্ড দেখানোর পর নেস্টরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অন্য খেলোয়াড়েরা হস্তক্ষেপ করেন। ম্যাচের বিবরণে আরও বলা হয়েছে, এ সময় মারকোস ভিক্টরের গলাও চেপে ধরেন নেইমার।
মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার পেদ্রো লোপেসের সঙ্গে কথা বলেন সান্তোস তারকা। সেখানে নিজের আচরণের ব্যাখ্যা দিতে গিয়ে নেইমার দাবি করেন, নেস্টরের সঙ্গে তাদের কথাবার্তা ছিল নিছক হাসি-ঠাট্টা। তবে মুখের সামনে হাত রেখে কথা বলাকে নিজের ভুল বলে স্বীকার করেন তিনি। একই সঙ্গে অভিযোগ করেন, তিনি কিছু বলার আগেই নেস্টর রেফারির কাছে অভিযোগ জানিয়েছেন।
নেইমার বলেন, ‘আমরা একে অপরের সঙ্গে মজা করছিলাম, হাসাহাসি করছিলাম। এরপর নেস্টরের সঙ্গে কথা বলতে গিয়ে বলেছি, মুখের ওপর হাত রাখাটা আমার ভুল হয়েছে। আমি কিছু বলিইনি, অথচ সে এরই মধ্যে হাত তুলে ফেলেছে। ফুটবলে এর চেয়ে বড় নোংরা চাল আর হয় না। তবে আমি নেস্টরকে দেখে নেব।’
ব্রাজিলের সংবাদমাধ্যম স্পোরটিভির প্রতিবেদন অনুযায়ী, মাঠ ছাড়ার সময় নেস্টরকে ‘বদমাশ’ বলেও মন্তব্য করেন নেইমার।
এই লাল কার্ডের প্রভাব পড়বে সান্তোসের পরবর্তী ম্যাচগুলোতেও। প্রথমার্ধে হলুদ কার্ড দেখায় আগেই পালমেইরাসের বিপক্ষে পরের ম্যাচে খেলতে পারতেন না নেইমার। পরে লাল কার্ড দেখায় তার নিষেধাজ্ঞা আরও এক ম্যাচ বেড়েছে। ফলে সান্তোসের গুরুত্বপূর্ণ এই তারকাকে আগামী দুই ম্যাচে পাওয়া যাবে না।
সংশ্লিষ্ট সংবাদ: নেইমার জুনিয়র
২৫ জুন ২০২৬
০৯ জুন ২০২৬
২৭ মে ২০২৬
