কালবেলা · আন্তর্জাতিক
ম্যাককুয়ারি দ্বীপে প্রথমবারের মতো বার্ড ফ্লুর বিশেষ ধরন শনাক্ত
১৭/১০/২০২৬

অস্ট্রেলিয়ার উপ-অ্যান্টার্কটিক অঞ্চল ম্যাককুয়ারি দ্বীপে প্রথমবারের মতো প্রাণঘাতী এইচ৫এন১ বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। দ্বীপটির বিপন্ন ও সংবেদনশীল সামুদ্রিক প্রাণীদের মধ্যে ভাইরাসটির সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে অস্ট্রেলিয়ার প্রধান ভেটেরিনারি কর্মকর্তা বেথ কুকসন জানান, ম্যাককুয়ারি দ্বীপে একটি এলিফ্যান্ট সিল ও একটি কেল্প গুলের নমুনা পরীক্ষা করে উচ্চ সংক্রামক ক্ষমতাসম্পন্ন এইচ৫এন১ ভাইরাস শনাক্ত করা হয়েছে। দ্বীপটিতে এই প্রথম এইচ৫ ধরনের বার্ড ফ্লুর উপস্থিতি নিশ্চিত হলো।
এর আগে ২০২৫ সালের জুনে অস্ট্রেলিয়া মহাদেশে বার্ড ফ্লুর উপস্থিতি শনাক্ত হয়। তবে ২০২৫ সালের শেষ দিকে দেশটির আরেকটি উপ-অ্যান্টার্কটিক অঞ্চল হার্ড আইল্যান্ডে ভাইরাসটির সংক্রমণ দেখা দেয়। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেখানে ভাইরাসটির কারণে ১৩ হাজারের বেশি সিলশাবকের মৃত্যু হয়েছিল।
ম্যাককুয়ারি দ্বীপটি ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত। দক্ষিণ মহাসাগরে অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্য ও অ্যান্টার্কটিকার মাঝামাঝি অবস্থিত এই দ্বীপ দক্ষিণী এলিফ্যান্ট সিলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রজননক্ষেত্র।
এলিফ্যান্ট সিলের ওজন সর্বোচ্চ প্রায় ৩ হাজার ৬০০ কেজি পর্যন্ত হতে পারে। অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, এই প্রজাতির প্রাণী এইচ৫ ধরনের বার্ড ফ্লুতে বিশেষভাবে সংবেদনশীল। কিছু ক্ষেত্রে আক্রান্ত সিলশাবকদের মৃত্যুহার ৯০ শতাংশেরও বেশি হতে পারে।
ম্যাককুয়ারি দ্বীপে ভাইরাস শনাক্ত হওয়ায় সেখানকার সামুদ্রিক প্রাণীদের স্বাস্থ্য ও প্রজনন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে সিলের বড় প্রজনন উপনিবেশে সংক্রমণ ছড়িয়ে পড়লে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে।
সূত্র: রয়টার্স
মূল প্রতিবেদনে যান ↗