বিএনপির নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির আসনে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১২ অক্টোবর) এই আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) ধারা ৬ অনুযায়ী নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন অনুষ্ঠানের জন্য সময়সূচি ঘোষণা করেছে।
আরও জানানো হয়েছে, আগামী ২৬ অক্টোবর এই আসনের জন্য নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই ২৭ অক্টোবর, বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ২৮ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৯ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর, প্রতীক বরাদ্দ ২ নভেম্বর ও ভোট গ্রহণ নির্বাচন ভবনে ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে।
এর আগে মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ উঠলে ১ অক্টোবর পদত্যাগ করেন তিনি। এতে আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়। এরপরই উপনির্বাচনের তফসিল দিল নির্বাচন কমিশন।
এ উপনির্বাচনের রিটার্নিং অফিসার হচ্ছেন ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান ও সহকারী রিটার্নিং অফিসার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন।
শূন্য আসনটির জন্য কারা প্রার্থী হতে পারবে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আইন অনুযায়ী যে দল বা জোটের জন্য আসনটি বরাদ্দ, সেই দল বা জোটই শূন্য আসনটি পাবে। একটি আসনের বিপরীতে একাধিক প্রার্থী থাকলে তখন ভোট হবে।
