শ্রীমঙ্গলে মঞ্চস্থ হয়েছে কাজী নজরুল ইসলামকে নিয়ে রচিত কোরিওগ্রাফি নাটক ‘বিদ্রোহী নজরুল’। উপজেলা পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন জনতা থিয়েটারের এটি প্রথম পরিবেশনা। শনিবার রাতে নাট্যকার বিকুল চক্রবর্তীর রচনা এবং সংস্কৃতিজন শ্যামল আচার্য্যরে পরিচালনায় ২০ মিনিটের নাটকটিতে কবির জীবনের বিভিন্ন পর্যায় তুলে ধরা হয়। কবির শৈশব থেকে শুরু করে সৈনিকজীবন, বিদ্রোহী কবি হিসেবে আত্মপ্রকাশ, ব্রিটিশবিরোধী লেখালেখি, কারাবরণ, অনশন, সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা এবং জীবনের শেষ অধ্যায়ের ঘটনাপ্রবাহ ওঠে আসে আটটি দৃশ্যে।