ছবির ক্যাপশন: .
মো. আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা :
রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নের লক্ষ্যে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়ায় রাজউক ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে টার্মিনালটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিএমপি জানায়, ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নবিষয়ক সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। গত ২৪ মার্চ, ১৪ মে, ১৫ জুন ও ২৯ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাগুলোতে রাজধানীর যানজট কমানো এবং দূরপাল্লার বাস চলাচল ব্যবস্থাপনা নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিকল্পনা অনুযায়ী, আগামী দুই মাসের মধ্যে ঝিলমিলের এই অস্থায়ী টার্মিনাল থেকে দক্ষিণবঙ্গের ১৯টি জেলায় বাস চলাচল শুরু হবে। এর ফলে রাজধানীর ভেতরে দূরপাল্লার বাসের প্রবেশ ও চলাচলজনিত চাপ কমবে বলে আশা করা হচ্ছে।
জানা গেছে, এর আগে গত ৩ অক্টোবর মহাখালী টার্মিনাল পরিদর্শনে গিয়ে ডিএমপি কমিশনার জানিয়েছিলেন, গুলিস্তানের ফুলবাড়িয়া বাস টার্মিনাল তিন মাসের মধ্যে কেরানীগঞ্জে স্থানান্তর করা হবে। ঝিলমিল প্রকল্পে ১০ একর জায়গায় ডিপো তৈরির কাজ চলছে। পরবর্তীতে রাজউকের মাধ্যমে আরও প্রায় ৭৫ একর জায়গায় স্থায়ী টার্মিনাল ও ডিপো নির্মাণের পরিকল্পনা রয়েছে।
এদিকে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছে ডিএমপি। জনস্বার্থে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং যানজট নিরসনে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে সংস্থাটি।
