চাঁদপুরের মতলবে একটি বিল থেকে কম্বলে মোড়ানো বস্তাবন্দি অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর ) সকাল ১০টার দিকে মতলব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চরমুকুন্দী গ্রামের জোর ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, মঙ্গলবার সকালে গ্রামের জনৈক এক ব্যক্তি বিলে জমির কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে কম্বলে মোড়ানো বস্তা সদৃশ্য একটি বস্তু দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের ধারণা, কয়েকদিন আগে ওই নারীকে হত্যা করে মরদেহটি বিলে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। মরদেহটির মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তার বয়স ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা ও তদন্ত চলছে।’
