ডেস্ক রিপোর্ট : তিন সংস্করণেই খেলতে ভালো লাগে লিটন দাসের। তবে টেস্ট ক্রিকেটের প্রতি তাঁর আলাদা টান।
পাঁচ দিনের ক্রিকেটে প্রতিদিনই থাকে নতুন চ্যালেঞ্জ, বদলে যায় ম্যাচের পরিস্থিতি। এই বৈচিত্র্যই টেস্টকে অন্য দুই সংস্করণের চেয়ে এগিয়ে রাখে বাংলাদেশের এই উইকেটকিপার-ব্যাটারের কাছে।
সোমবার আবুধাবিতে টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে লিটন বলেন, ‘তিনটা ফরম্যাটই আমার ভালো লাগে। তবে টেস্ট ক্রিকেটের মর্যাদা একটু ওপরে।
কারণ, এই ম্যাচে অনেক কিছু হয়। প্রথম দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত অনেক চ্যালেঞ্জ থাকে।
উপভোগ করার মতো অনেক পরিস্থিতি তৈরি হয়। তাই টেস্ট ক্রিকেট আমার ভালো লাগে।’
প্রথম ইনিংসে উইকেটের পেছনে চারটি ক্যাচ ও একটি স্টাম্পিং করেন লিটন। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত তাঁর ক্যাচের সংখ্যা তিন। সব মিলিয়ে এক ম্যাচে আটটি ডিসমিসাল নিয়ে বাংলাদেশের উইকেটকিপারদের মধ্যে নতুন রেকর্ড গড়েছেন তিনি। ব্যাট হাতেও দারুণ ছন্দে রয়েছেন লিটন। প্রথম ইনিংসে করেন ৫৩ রান। দ্বিতীয় ইনিংসে ১১৫ বলে খেলেন ১০২ রানের দুর্দান্ত ইনিংস।
উইকেটের পেছনে দাঁড়ানোর অভিজ্ঞতা ব্যাটিংয়েও কাজে লাগে বলে মনে করেন লিটন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অবশ্যই, এটা আমাকে সাহায্য করে। উইকেটের পেছনে দাঁড়িয়ে আমি অনেক কিছু বুঝতে পারি। উইকেট সম্পর্কে একটা ধারণা পাই, যা আমার ব্যাটিংয়ে অনেক সাহায্য করে।’
আবুধাবির উইকেটে স্পিনারদের জন্য খুব বেশি সহায়তা নেই বলেও মনে করেন লিটন। তবে পঞ্চম দিনে পরিস্থিতি বদলাতে পারে বলে আশা তাঁর।
লিটন বলেন, ‘উইকেটটা খুব একটা স্পিন-সহায়ক নয়। তবে পঞ্চম দিনে গেলে অনেক সময় রাফ প্যাচ থেকে বল বাঁক নিতে শুরু করে। আমি আশা করি, আমাদের স্পিনাররা এখন ভালো জায়গায় বল করছে। তারা আরও ভালো জায়গায় বল করে চাপ তৈরি করবে। উইকেট থেকে একটু সহায়তা পেলে তাদের কাজটা সহজ হবে।’
