স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের চুনারুঘাটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক অভিযানে ৪৮ কেজি ভারতীয় গাঁজা ও এক বোতল বিয়ার জব্দ করা হয়েছে। এসব মাদক উদ্ধারের ঘটনায় উজ্জল বাড়াই (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা।
হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি সূত্র জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার আমু চা-বাগানের ১২ নম্বর সেকশনে অভিযান চালায় চিমটিবিল বিওপির টহলদল। এ সময় উজ্জল বাড়াইকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ৩৯ কেজি ভারতীয় গাঁজা ও এক বোতল ভারতীয় বিয়ার জব্দ করা হয়।
আটক উজ্জল বাড়াই আমু চা-বাগানের পুরান লাইনের মৃত বালক বাড়াইয়ের ছেলে।
এদিকে, একইদিন দুপুর ১২টার দিকে চুনারুঘাটের সুন্দরটিলা এলাকা থেকে পাঁচ কেজি এবং সন্ধ্যা ৬টার দিকে গাঢ়োটিলা এলাকা থেকে আরও চার কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে সাতছড়ি বিওপির টহলদল। এসব মাদকদ্রব্য মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, আটক ব্যক্তি ও জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে এজাহার দায়ের করে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
এর সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল তানজিুল রহমান জানান, সীমান্ত দিয়ে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষা ও মাদক পাচার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
