কালবেলা · রাজনীতি
ফেরি ও ঘাট প্রস্তুত, সংশয়ের কারণ নেই: নৌপ্রতিমন্ত্রী
১৫/১০/২০২৬

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যাত্রী পারাপারের জন্য ফেরি ও ঘাট প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। তিনি বলেন, যাত্রীসংখ্যা বিবেচনায় নিয়ে ঘাটগুলো সচল রাখা হয়, প্রয়োজনে কিছু ঘাট স্ট্যান্ডবাই রাখা হয়। ঘাট ব্যবস্থাপনা ও ফেরির প্রস্তুতি নিয়ে সংশয়ের কোনো কারণ নেই।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নৌপ্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, ‘আমার ঘাট ব্যবস্থাপনা ঠিক আছে, আমার ঘাট চালু আছে। যত যাত্রী বাড়বে, আমার ঘাট সেভাবে প্রস্তুত করা আছে। এপার ও ওপার, উভয় পারেই ব্যবস্থা রয়েছে। আমার ফেরি নিয়ে কোথাও কোনো সংশয় নেই। সচল ফেরি ও ঘাট প্রস্তুত রাখা হয়েছে।’
সাংবাদিকদের তথ্য সরবরাহের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রশাসনের কর্মকর্তাদের কাজের কিছু সীমাবদ্ধতা রয়েছে, যা সাংবাদিকদের বুঝতে হবে। সাংবাদিকদের প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সরবরাহে সহযোগিতা করা হয়। এরপরও কোনো তথ্য জানার প্রয়োজন হলে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করলে তা দেওয়ার ব্যবস্থা রয়েছে।
এর আগে তিনি পাটুরিয়া ফেরীঘাট পরিদর্শন করেন। পাটুরিয়া ফেরিঘাটের বিষয়ে তিনি বলেন, পাঁচ নম্বর ঘাটের ফিঙ্গার ভেঙে গেছে। তবে বিকল্প ঘাটসহ প্রয়োজনীয় অবকাঠামো রয়েছে। যাত্রীদের চাহিদা অনুযায়ী ঘাট পরিচালনার ব্যবস্থা রাখা হয়েছে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ দৌলতদিয়া-পাটুরিয়া। এ নৌপথে ফেরি চলাচল ও ঘাট ব্যবস্থাপনা স্বাভাবিক রাখা যাত্রী ও পণ্যবাহী যানবাহনের নির্বিঘ্ন পারাপারের জন্য গুরুত্বপূর্ণ।
মূল প্রতিবেদনে যান ↗