Published on
:
2 min read
এই সময়: রেললাইনের রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ রবিবার, ২৫ অক্টোবর, হাওড়া ডিভিশনে একাধিক শাখায় ট্রেন চলাচল ব্যাহত হতে চলেছে। পূর্ব রেল জানিয়েছে, মোট ২০টি জায়গায় নির্দিষ্ট সময়ের জন্য রেললাইনে ব্লক নেওয়া হচ্ছে। এর জেরে গোটা ডিভিশনে বাতিল থাকছে ৫৯টি ট্রেন। এ ছাড়া চারটি ট্রেনের যাত্রার সময় পিছিয়ে দেওয়া হয়েছে। যাত্রাপথে নিয়ন্ত্রণ করা হবে তিনটি ট্রেনকে। এর পাশাপাশি সময় পরিবর্তনের তালিকায় থাকা জামালপুর-হাওড়া কবিগুরু এক্সপ্রেসকেও পথে ৪০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে।
শনিবার বিকেলে পূর্ব রেলের তরফে এই বিষয়ে জানানো হয়েছে, রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন শাখায় রক্ষণাবেক্ষণের কাজ চলবে। হাওড়া-বর্ধমান কর্ড লাইনের লিলুয়া-বেলুড়, মেন লাইনের কোন্নগর-রিষড়া, শেওড়াফুলি-ভদ্রেশ্বর ছাড়াও তারকেশ্বর-মায়াপুর, মগরা, বৈঁচি-মেমারি-সহ একাধিক অংশে ব্লক নেওয়া হবে। বর্ধমান-তালিত, বাঁশবেড়িয়া-ত্রিবেণী, পূর্বস্থলী-পাটুলি, অগ্রদ্বীপ-দাঁইহাট এবং মুর্শিদাবাদ ও বীরভূমের বিভিন্ন অংশেও চলবে কাজ। কোনও কোনও অংশে সকাল সাড়ে দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত ট্রেন চলাচলে প্রভাব পড়তে পারে।
বাতিলের তালিকায় সবচেয়ে বেশি ট্রেন হাওড়া থেকে ছাড়ার। এই স্টেশন থেকে ২২টি ট্রেন বাতিল করা হয়েছে। বর্ধমান থেকে বাতিল হয়েছে ১০টি এবং ব্যান্ডেল থেকে সাতটি ট্রেন। এ ছাড়া কাটোয়া, চন্দননগর-সংলগ্ন শাখা এবং অন্যান্য স্টেশন থেকেও একাধিক ট্রেন চলবে না।
সময় বদল করা হয়েছে চারটি ট্রেনের। জামালপুর-হাওড়া কবিগুরু এক্সপ্রেস নির্ধারিত সকাল ৬টা ২৫ মিনিটের বদলে ছাড়বে সকাল ৭টা ২৫ মিনিটে। বোলপুর শান্তিনিকেতন-হাওড়া এক্সপ্রেস দুপুর ১টা ১৫ মিনিটের বদলে ছাড়বে বিকেল ৩টে ১৫ মিনিটে। রামপুরহাট-শিয়ালদহ মা তারা এক্সপ্রেস ৩০ মিনিট এবং হাওড়া-ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস ৪০ মিনিট দেরিতে ছাড়বে।
এ ছাড়া হাওড়া-আরামবাগ লোকাল, গোড্ডা-শিয়ালদহ মেমু এবং জয়নগর-হাওড়া এক্সপ্রেসকে পথে যথাক্রমে ২৫ মিনিট, ১ ঘণ্টা ৫ মিনিট এবং ৩০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে। যাত্রীদের রবিবারের যাত্রার আগে ট্রেনের সময়সূচি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
কোন স্টেশন থেকে কত ট্রেন বাতিল
হাওড়া — ২২
ব্যান্ডেল — ৭
আরামবাগ, গোঘাট, পান্ডুয়া ও আজ়িমগঞ্জ — ১টি করে
মেমারি — ২
কাটোয়া — ৪
বর্ধমান — ১০
চন্দনপুর — ৩
বারুইপাড়া — ১
আসানসোল — ২
অন্ডাল — ১
সাহেবগঞ্জ — ১
রামপুরহাট — ২
এক নজরে: বাতিল ৫৯টি ট্রেন
সময় পরিবর্তন চারটির
নির্দিষ্ট নিয়ন্ত্রণের তালিকায় তিনটি ট্রেন
জামালপুর-হাওড়া কবিগুরু এক্সপ্রেসকেও পথে নিয়ন্ত্রণ করা হবে
