খুলনা নগরীতে মো. তুষার (২৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশের আনসার উদ্দিন লেন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তুষার নগরীর লবণচরা থানার জিন্নাপাড়া ৮ নম্বর গলির আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বানিয়াখামারের লোহার গেট এলাকার একটি মাদরাসার সামনে ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে তুষার মোটরসাইকেলে সেখান থেকে চলে আসার সময় আনসার উদ্দিন লেনের পূর্ব প্রান্তে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান তিনি।
ঘটনাস্থলে তাঁর মরদেহের পাশে কালো রঙের নম্বরপ্লেটবিহীন একটি আর-১৫ মোটরসাইকেল পড়ে ছিল।
খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম জানান, নিহতের শরীরে একটি গুলির চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থলের অদূরে আরও দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন গণমাধ্যমকে বলেন, তুষারের বিরুদ্ধে অন্তত দুটি মামলার তথ্য রয়েছে। এর মধ্যে একটি অস্ত্র আইনে এবং অন্যটি হত্যা মামলা। তিনি পলাশ গ্রুপের সদস্য ছিলেন বলে জানান ওসি।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। তবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
The post খুলনায় যুবককে গুলি করে হত্যা appeared first on ভোরের চেতনা.
