তারকাদের কণ্ঠস্বর ও প্রতিচ্ছবি সুরক্ষার কথা ভাবছে জাপান
জেনারেটিভ এআই ব্যবহার করে তারকাদের কণ্ঠস্বর ও প্রতিচ্ছবির প্রতিলিপি তৈরি রোধে সুরক্ষামূলক একটি পদক্ষেপ বিবেচনা করছে জাপান সরকার।
শিল্প মন্ত্রণালয় 'অন্যায্য প্রতিযোগিতা প্রতিরোধ আইনের' অধীনে কিছু ব্যক্তিগত বৈশিষ্ট্যকে সংরক্ষিত সম্পদ হিসেবে ঘোষণা করতে পারে। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে মানুষের প্রতিচ্ছবি নকল করা ক্রমশ সহজ হয়ে ওঠায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
গত মাসে জাপানি কণ্ঠশিল্পী ৎসুদা কেনজিরো তার কণ্ঠ নকল করার অভিযোগে একটি ভিডিও-শেয়ারিং অ্যাপ পরিচালনাকারীর বিরুদ্ধে মামলা করেছেন।
টোকিও জেলা আদালত একটি নজিরবিহীন রায় ঘোষণা করেছে, যেখানে একজন ব্যক্তির কণ্ঠস্বর প্রচারস্বত্বের আওতায় সুরক্ষা পেতে পারে বলে স্বীকার করা হয়েছে। আদালত জানিয়েছে, অনুমতি ছাড়া কন্ঠের এমন প্রতিলিপি তৈরি বিশিষ্ট ব্যক্তিদের নিজস্ব পরিচিতির বাণিজ্যিক ব্যবহার নিয়ন্ত্রণের অধিকার লঙ্ঘন করতে পারে।
বর্তমান আইন অনুযায়ী, সুষ্ঠু প্রতিযোগিতাকে ব্যাহত করে এমন আচরণের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির আবেদন করা যায়। মন্ত্রণালয় এখন এই সুরক্ষার পরিধি কণ্ঠস্বর এবং প্রতিচ্ছবি পর্যন্ত বিস্তৃত করার বিষয়টি বিবেচনা করছে।
মন্ত্রণালয় বিশেষজ্ঞদের একটি প্যানেলের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করার পরিকল্পনা করছে।