গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট!
গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর কাশিমপুর থানার শৈলান এলাকায় এ আগুনের সূত্রপাত হয়। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে কারখানার গোডাউনে হঠাৎ আগুন জ্বলে ওঠে। সেখানে বিপুল পরিমাণ খালি কার্টন, সুতা ও অন্যান্য কাঁচামাল মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়ায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বিবেচনায় আশপাশের ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও ইউনিট পাঠানো হয়।
তিনি আরও জানান, বর্তমানে মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। গোডাউনে বিপুল পরিমাণ খালি কার্টন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
