অক্ষয় এবং প্রিয়দর্শন।ছবি: সংগৃহীত
Published on
:
2 min read
বলিউডের অন্যতম সফল ও আইকনিক নির্দেশক-অভিনেতা জুটি প্রিয়দর্শন এবং অক্ষয় কুমার। ফের একবার দর্শকদের হাসাতে জুটি বাঁধতে চলেছেন। সাইকোলজিক্যাল থ্রিলার ‘হেওয়ান’ (Haiwaan) এবং হরর-কমেডি ‘ভূত বাংলা’-র পরে এ বার ১৯৭০-এর দশকের প্রেক্ষাপটে একটি পিরিয়ড কমেডি ড্রামা নিয়ে আসছেন তাঁরা। এই ছবিতে অক্ষয় কুমারকে দেখা যাবে এক অত্যন্ত বিচিত্র ও খ্যাপাটে বাঘ শিকারির ভূমিকায়। প্রখ্যাত প্রযোজক রমেশ তৌরানির ব্যানারে নির্মিত এই ছবিটি হতে চলেছে প্রিয়দর্শনের ৯৯তম ফিচার ফিল্ম।
একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, চলতি বছর অর্থাৎ ২০২৬-এর নভেম্বরের শেষে ছবিটির শুটিং ফ্লোরে যাওয়ার কথা রয়েছে। প্রায় তিন মাস ধরে চলবে এই নতুন ছবির শুটিং পর্ব। রাজস্থানের বন্যপ্রাণী অভয়ারণ্য, ভোপালের বিভিন্ন আউটডোর লোকেশন এবং মুম্বইয়ের সুবিশাল সেটে ছবির অধিকাংশ দৃশ্যায়ন করা হবে। ছবিটিতে অক্ষয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ দুই কমেডি চরিত্রে অভিনয় করবেন দুই জাঁদরেল অভিনেতা অন্নু কাপুর এবং রাজপাল যাদব। তবে ছবির মূল নারী চরিত্রের জন্য কাস্টিং এখনও চূড়ান্ত হয়নি। প্রিয়দর্শনের সঙ্গে যৌথ ভাবে এই ছবির চিত্রনাট্য লিখেছেন রোহন শঙ্কর, যিনি এর আগে ‘ভূত বাংলা’ ছবির চিত্রনাট্য লিখেছিলেন।
পরিকল্পনা প্রসঙ্গে প্রিয়দর্শনকে জিজ্ঞাসা করা হলে তিনি কিছুটা গোপনীয়তা বজায় রেখে হাসিমুখে জানান, ‘আগে প্রজেক্টটি পুরোপুরি লক এবং পেপারওয়ার্ক শেষ হোক, তার পর এই নিয়ে বিস্তারিত কথা বলব।’
প্রসঙ্গত, দীর্ঘ ১৬ বছরের বিরতির পর ২০২৬ সালেই ‘ভূত বাংলা’ হরর-কমেডি ছবির মাধ্যমে বড়পর্দায় একসঙ্গে প্রত্যাবর্তন ঘটেছিল অক্ষয় ও প্রিয়দর্শনের। বক্স অফিসে দারুণ সাফল্যের মুখ দেখেছিল ছবিটি। এর পরে সেপ্টেম্বরে মুক্তিপ্রাপ্ত প্রিয়দর্শনের থ্রিলার ছবি ‘হেওয়ান’-এও সইফ আলি খানের মুখোমুখি খলনায়কের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়েছিলেন অক্ষয়। এ বার আরও একটি হালকা চালের মেগা কমেডি ছবি নিয়ে দুই হেভিওয়েট তারকা বক্স অফিস কাঁপাতে প্রস্তুত।