আজকাল ওয়েবডেস্ক: চার বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন। তবু জাতীয় দলে ফেরার আশা আঁকড়ে ধরে বসে থাকেননি ভুবনেশ্বর কুমার। বরং নিজের কাজ করে যাওয়া এবং ভবিষ্যৎ নিয়ে প্রত্যাশা না রাখাই তাঁকে কঠিন সময় পেরোতে সাহায্য করেছে।
সম্প্রতি, বিসিসিআইয়ের শেয়ার করা একটি ভিডিওতে নিজের প্রত্যাবর্তনের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিজ্ঞ এই পেসার। চার বছর পর ফের জাতীয় দলে ডাক পেয়েছেন ভুবনেশ্বর।
চোট পাওয়া অর্শদীপ সিংয়ের পরিবর্তে বেঙ্গালুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচের দলে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। যদিও বৃষ্টির কারণে সেই ম্যাচ পরিত্যক্ত হয়।
এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে খেলেছেন তিনি। বোর্ডের সাক্ষাৎকারে ভুবনেশ্বর জানান, গত তিন-চার বছরে তাঁর মানসিকতার মূল মন্ত্র ছিল বর্তমানের উপর মনোযোগ দেওয়া।
ভবিষ্যতে কী হবে, তা নিয়ে অতিরিক্ত চিন্তা না করে নিজের কাজ করে যাওয়াতেই বিশ্বাস রেখেছেন তিনি। ভুবনেশ্বরের কথায়, ‘আমি নিজের কাছে কোনও প্রত্যাশা রাখি না। গত তিন-চার বছরে এভাবেই সব কিছু এগিয়েছে। কোনও প্রত্যাশা নয়, শুধু নিজের কাজ করে যাওয়া। আমরা সাধারণত বর্তমানের মধ্যে থাকার কথা বলি, ভবিষ্যৎ নিয়ে ভাবি না। গত কয়েক বছরে আমি এই মানসিকতাই ধরে রেখেছি।’
জাতীয় দলের হয়ে খেলতে না পারলেও এই সময়টা ব্যক্তিগতভাবে অনেক কিছু শিখেছেন বলে জানিয়েছেন ভুবি। ভুবনেশ্বর বলেন, ‘আমি জানতাম, দেশের হয়ে খেলছি না। কিন্তু ওই সময় যে কাজগুলো করেছি এবং ব্যক্তি হিসেবে আমার মধ্যে যে পরিণতিবোধ এসেছে, সেগুলোই আমাকে শিখিয়েছে কীভাবে বর্তমানে থাকতে হয়।’
চার বছর ধরে ভারতীয় দলের জার্সি ফিরে পাওয়ার জন্য মরিয়া চেষ্টা করেননি বলেও জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘চার বছর ধরে আমি কখনও ভারতীয় দলের জার্সির পিছনে ছুটিনি। সত্যি বলতে, এই চার বছর কখন কেটে গেল, তা-ও বুঝতে পারিনি। এই সময়ে আমার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। এর পিছনে আইপিএলেরও বড় ভূমিকা রয়েছে।’
https://youtu.be/JwFdq_tA9cE?si=8cmBHdqXlCBWCihK
আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও নিয়মিত আইপিএল এবং ঘরোয়া ক্রিকেট খেলে গিয়েছেন ভুবনেশ্বর। জাতীয় দলে ফেরার সুযোগ আসবে কি না, তা জানা না থাকলেও প্রস্তুতিতে কোনও খামতি রাখেননি তিনি।
তিনি জানিয়েছেন, ভবিষ্যৎ নিয়ে প্রত্যাশার চাপ না নিয়ে নিজের কাজের উপর আস্থা রাখা, চার বছরের বিরতি পেরিয়ে জাতীয় দলে ফেরার পথে এটাই ছিল কামব্যাকের মূল মন্ত্র।
