টেকনাফে কালবের নির্বাচনে ছয় পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:১৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কক্সবাজারের টেকনাফ উপজেলা আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নির্বাচনে ছয়টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে সংগঠনটির ১৮তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে চেয়ারম্যান পদে জিয়াউর রহমান, ভাইস চেয়ারম্যান পদে বিশ্বজিৎ মজুমদার, সেক্রেটারি পদে আব্দুল মজিদ, ট্রেজারার পদে সুপন পাল এবং পরিচালক পদে মোহাম্মদ উল্লাহ ও মোহাম্মদ আলম নির্বাচিত হয়েছেন।
সংগঠনটির বিদায়ী সভাপতি রুপন কান্তি বড়ুয়ার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাবেক সেক্রেটারি জিয়াউর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেডের (কালব) চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার ব্যবস্থাপক এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা উপদেষ্টা ছাজেন অং। বিশেষ অতিথি ছিলেন টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসাইন ও কালবের কক্সবাজার ও বান্দরবান জেলার ব্যবস্থাপক প্রনব কান্তি বিশ্বাস।
প্রধান বক্তা ছিলেন টেকনাফ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সন্তোষ কুমার শীল। এ ছাড়া নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আব্দুল খালেক ও তাহেরা পারভীন, কলেজের অধ্যাপক নুরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান জহিরুল হাসান চৌধুরীসহ সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সমবায় কার্যক্রম গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সদস্যদের নিয়মিত সঞ্চয় জমা এবং ঋণগ্রহীতাদের নির্ধারিত সময়ে ঋণ পরিশোধের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনের শেষ পর্যায়ে দীর্ঘদিন দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ বিদায়ী চেয়ারম্যান রুপন কান্তি বড়ুয়া ও ভাইস চেয়ারম্যান মজিবুর রহমানকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে কালব।
