গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মসজিদ, বেশ কয়েকটি দোকানপাট, ঝুট ও তুলার গুদামসহ বিভিন্ন স্থাপনা পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে শ্রীপুর ও রাজেন্দ্রপুরের ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২ নম্বর সিঅ্যান্ডবি বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানান, রাত ৩টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় শ্রীপুর ফায়ার স্টেশনের আরও একটি এবং রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৫টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
স্টেশন অফিসার নুরুল করিমের বলেন, আগুনে ঝুট ও তুলার গুদাম, স্যানিটারি দোকান, কয়েকটি মুরগির দোকান, ভাঙারির দোকান এবং একটি মসজিদ পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণও তদন্ত সাপেক্ষে নির্ধারণ করা হবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
