ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ী থেকে রাজেন্দ্রপুর পর্যন্ত অংশে রাতের বেলায় ডাকাত আতঙ্কে উদ্বেগ দেখা দিয়েছে। মহাসড়কের ওই অংশে রাতে চলাচলকারী যাত্রী ও পরিবহন চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টহল বৃদ্ধির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ততম মহাসড়ক। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজারো যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ি চলাচল করে। বিশেষ করে রাতে দূরপাল্লার যানবাহনের চাপ বেশি থাকে। সম্প্রতি রাতে ওই এলাকায় ডাকাত চক্রের তৎপরতার খবরে যাত্রী ও চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়দের দাবি, ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে রাতে নিয়মিত টহল জোরদার, গুরুত্বপূর্ণ মোড়ে অস্থায়ী চেকপোস্ট স্থাপন এবং আলোকসজ্জা বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সচল রাখার দাবি জানান তারা।
এ বিষয়ে পরিবহন চালকরা বলেন, রাতে চলাচলের সময় তারা নিরাপত্তাহীনতায় ভোগেন। পুলিশের টহল বাড়লে অপরাধ কমবে এবং যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরবে। নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।
