বরগুনার বামনা উপজেলা সদরের ফায়ার সার্ভিস এলাকায় শুক্রবার সকালে প্রায় শতাধিক নেতাকর্মী নিয়ে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে গাজীরপুল এলাকা থেকে বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি রাফান জোমাদ্দার আকাশকে গ্রেপ্তার করে পুলিশ।
আকাশের বাবা শাহজাহান জোমাদ্দার দাবি করেন, তাঁর ছেলেকে উপজেলার কাটাখালী গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সময় তাঁর ছেলে বাড়িতে ঘুমিয়ে ছিলেন এবং মিছিলে অংশ নেননি।
শাহজাহান জোমাদ্দার আরও অভিযোগ করেন, এর আগেও তাঁর ছেলেকে দুইবার গ্রেপ্তার করে দুটি মামলায় আসামি করা হয়েছিল। দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পান তিনি। বর্তমানে ওই মামলাগুলোতে জামিনে রয়েছেন বলে জানান তাঁর বাবা।
মিছিল থেকে সরকারবিরোধী বিভিন্ন স্লোগানের পাশাপাশি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষে স্লোগান দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ‘অবৈধ সরকার মানি না, মানব না’ এবং ‘এই মুহূর্তে দরকার, শেখ হাসিনার সরকার’—এ ধরনের স্লোগান শোনা যায়।
ভিডিওতে বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতিকে মিছিলের সামনের সারিতে দেখা গেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে আলোচনা সৃষ্টি হয়েছে।
এদিকে, উপজেলা ছাত্রলীগের সভাপতি অভিযোগ করেছেন, পুলিশ তাঁর বাড়িতে গিয়ে তাঁর মায়ের মুঠোফোন নিয়ে এসেছে।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান বলেন, মিছিলের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশের ধাওয়ায় ঝটিকা মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় গাজীরপুল এলাকা থেকে রাফান জোমাদ্দার আকাশকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
