আটকে আছে করণ জোহরের ‘তখত’ Ei Samay
Published on
:
2 min read
বলিউডে বহু বড় ছবির ঘোষণা হয় ধুমধাম করে। তারকা থেকে পরিচালক, সব মিলিয়ে দর্শকদের প্রত্যাশাও থাকে তুঙ্গে। কিন্তু নানা কারণে সেই ছবিগুলি আর তৈরি হয় না। কখনও মতের অমিল, কখনও বাজেটের সমস্যা, আবার কখনও অন্য জটিলতায় আটকে যায় ছবির কাজ। তেমনই বহুচর্চিত কয়েকটি ছবি নিয়ে এই আলোচনা।
তখত
করণ জোহরের পরিচালনায় ‘তখত’ ছিল একটি ঐতিহাসিক ছবি। মুঘল আমলের সিংহাসন দখলের লড়াই নিয়ে তৈরি হওয়ার কথা ছিল ছবিটি। রণবীর সিং, ভিকি কৌশল, করিনা কাপুর খান, আলিয়া ভাট, জাহ্নবী কাপুর, ভূমি পেডনেকর ও অনিল কাপুরের মতো তারকাদের অভিনয় করার কথা ছিল। ২০১৮–এ ছবির ঘোষণা হলেও কাজ বন্ধ হয়ে যায়।
ইনশাল্লাহ
সঞ্জয় লীলা বনশালীর পরিচালনায় ‘ইনশাল্লাহ’ ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করার কথা ছিল সলমন খান ও আলিয়া ভাটের। ২০১৯–এ ছবির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও পরিচালক ও সলমনের মধ্যে মতের অমিলের কারণে ছবিটি বন্ধ হয়ে যায়।
দোস্তানা ২
২০০৮–এর জনপ্রিয় ছবি ‘দোস্তানা’–র সিক্যুয়েল হওয়ার কথা ছিল ‘দোস্তানা ২’। কার্তিক আরিয়ান, জাহ্নবী কাপুর ও লক্ষ্য লালওয়ানিকে নিয়ে ছবির কাজ শুরু হয়েছিল। কিন্তু ২০২১–এ শুটিং শুরুর আগে কার্তিক ছবি থেকে সরে যাওয়ার পর নতুন করে অভিনেতা বাছাইয়ের কথা জানায় প্রযোজনা সংস্থা। তবে ছবিটি নিয়ে এখনও কোনও স্পষ্ট খবর নেই।
দ্য ইমমর্টাল অশ্বত্থামা
আদিত্য ধরের পরিচালনায় এই ছবিতে পৌরাণিক চরিত্র অশ্বত্থামার ভূমিকায় অভিনয় করার কথা ছিল ভিকি কৌশলের। পৌরাণিক কাহিনির সঙ্গে আধুনিক প্রযুক্তি ও অ্যাকশন মিশিয়ে ছবিটি তৈরির পরিকল্পনা ছিল। কিন্তু বিপুল বাজেট ও নির্মাণের নানা সমস্যায় ছবির কাজ থমকে যায়।
ওশো-র বায়োপিক
২০১৮–এ পরিচালক শকুন বাত্রা আধ্যাত্মিক গুরু ওশো এবং তাঁর শিষ্যা মা আনন্দ শীলাকে নিয়ে একটি ছবি তৈরির পরিকল্পনা করেছিলেন। এই ছবিতে আমির খান ও আলিয়া ভাটের নাম শোনা গেলেও তাঁদের অভিনয়ের বিষয়টি আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত হয়নি। পরে প্রিয়াঙ্কা চোপড়াও মা আনন্দ শীলার জীবনীচিত্রে অভিনয়ের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তবে সেই ছবির কাজ নিয়েও এখনও কোনও স্পষ্ট খবর নেই।
এই কাজগুলোর মধ্যে ক’টি শেষপর্যন্ত দেখা যাবে সেটাই দেখার।
