in চাঁদপুর
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী মেঘনা পাড়ের চাঁদপুর জেলা ইজতেমা। শনিবার (২৪ অক্টাবর) দুপুর ১২টায় হেদায়েতি বয়ান শেষে মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের আমীর মাওলানা শামসুদ্দিন। এ সময় হাজারো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মেঘনাপাড়ের ইজতেমা ময়দান।
এর আগে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাদ ফজর আম বয়ানের মাধ্যমে চাঁদপুর শহরের পুরান বাজার দোকানঘর এলাকায় মেঘনাপাড়ে শুরু হয়েছিল এই ইজতেমা। শুক্রবার (২৩ অক্টোবর) প্রায় ১০ হাজার লোক একসঙ্গে ইজতেমা ময়দানে পবিত্র জুমআর নামাজ আদায় করেন।
তিন দিনব্যাপী এই আয়োজনে চাঁদপুর জেলাসহ পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। ইজতেমায় কোরআন ও হাদিসের আলোকে প্রবীণ আলেমদের বয়ান, জিকির-আজকার এবং বিশেষ তালিম অনুষ্ঠিত হয়। আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
ইজতেমা ব্যবস্থাপনার সার্বিক বিষয়ে তাবলিগ জামাত চাঁদপুর জেলার জিম্মাদার মো. আরিফ উল্লাহ বলেন, নিজামুদ্দিনের মূল ধারার তত্ত্বাবধানে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ধর্মপ্রাণ মানুষের বিপুল উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার সফল সমাপ্তি ঘটে।
প্রতিবেদক: আশিক বিন রহিম,
২৪ অক্টোবর ২০২৬
