সাতক্ষীরার সীমান্ত এলাকায় নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে চার বোতল রাসায়নিক দ্রব্য উদ্ধার করা হয়েছে। পরীক্ষাগারে যাচাইয়ের পর বিজিবি নিশ্চিত করেছে, উদ্ধারকৃত এসব তরল হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। জব্দকৃত এই চালানের আনুমানিক মূল্য ৭৮ লাখ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, গত ১৬ অক্টোবর সকাল ১০টা ৩০ মিনিটে নীলডুমুর ব্যাটালিয়নের অধীনস্থ শাখরা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. সাহাবুর রহমানের নেতৃত্বে একটি দল সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানকালে শাখরা বিওপি থেকে আনুমানিক দেড় কিলোমিটার উত্তরে এবং সীমান্ত রেখা থেকে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ‘কোমরপুর’ নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ‘J & B’ এবং ‘MARTINI DRUGS’ লেখা চার বোতল সন্দেহজনক রাসায়নিক দ্রব্য জব্দ করা হয়।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, আটককৃত দ্রব্যগুলো খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে পরীক্ষা করা হয়েছে। প্রাপ্ত পরীক্ষার ফলাফল অনুযায়ী, এগুলো হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।
বোতলের গায়ে উল্লিখিত মূল্য অনুযায়ী, প্রতিটি বোতলের মূল্য বাংলাদেশি মুদ্রায় ১৯ লাখ ৫০ হাজার টাকা। সে হিসাবে চার বোতলের মোট সিজার মূল্য ৭৮ লাখ টাকা।
এ বিষয়ে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ (পিএসসি, সিগন্যালস্) জানান, নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) কর্তৃক হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়- এমন চার বোতল দ্রব্য আটক আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। এ অভিযানের মাধ্যমে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির দৃঢ় অবস্থান আবারও প্রতিফলিত হয়েছে। আটককৃত দ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৭৮ লাখ টাকা।
