দীর্ঘ সাত মাসের বিরতি, আইনি জটিলতা আর চার দেয়ালের বন্দিজীবন পেরিয়ে অবশেষে চেনা ভুবনে ফিরলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা যাহের আলভী। সম্প্রতি ‘বাবার মর্যাদা’ নামের একটি নাটকের দৃশ্যধারণের মাধ্যমে আবারও লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় পা রাখলেন তিনি। সামির রহমান রাব্বির পরিচালনায় মাহমুদ হাসান রানার প্রযোজনা দিয়ে সাত মাস পর কাজে ফিরলেন এই অভিনেতা। সম্প্রতি উত্তরায় একক নাটকটির শুটিং হয়েছে।
দীর্ঘ এই অনাকাক্সিক্ষত বিরতি এবং কারাগার থেকে মুক্তির পর চিরচেনা বিনোদন অঙ্গনে ফিরে আলভীর অভিজ্ঞতা ও অনুভূতি অন্যরকম। কাজের চেনা পরিবেশ ফিরে পেলেও চেনা মানুষদের আচরণে এক বড় ধাক্কা খেয়েছেন এই অভিনেতা। গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএসের বাসা থেকে আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মরদেহ উদ্ধারের পর একটি মামলা দায়ের হয়। সেই আইনি জটিলতায় জড়িয়ে গত জুন মাসে আদালতে আত্মসমর্পণ করেন এবং পরবর্তীতে দীর্ঘ সময় তাকে কারাগারে কাটাতে হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত আগস্ট মাসে হাইকোর্ট থেকে জামিন পান ছোট পর্দার এই পরিচিত মুখ।
শুটিং সেটে ফেরার পর নিজের ভেতরের মানসিক অবস্থা এবং চারপাশের পরিবর্তনের কথা প্রকাশ করেছেন আলভী। তিনি জানান, জীবনে নেমে আসা আকস্মিক এই ঝড় তার জীবনের অনেক সমীকরণ ও মানুষকে চেনার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। আলভীর ভাষায়, অনাকাক্সিক্ষত ঘটনার পর অনেক কিছুই বদলে গেছে। বিশেষ করে ইন্ডাস্ট্রির এবং চারপাশের অনেক চেনা মুখ এখন অচেনা লাগছে। যারা একসময় খুব কাছের ছিলেন, বিপদের দিনে তাদের অনেকের আসল রূপ দেখেছি।
তবে জীবনের এই কঠিনতম অধ্যায় পার করে আবারও কাজে ফিরতে পেরে সৃষ্টিকর্তা ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। তিনি মনে করেন, মানুষের জীবনে উত্থান-পতন আসতেই পারে, তবে অতীতকে পেছনে ফেলে কাজে মনোযোগ দেওয়াটাই এখন তার প্রধান লক্ষ্য। নতুন উদ্যমে শুটিং শুরু করা যাহের আলভী এখন কেবলই অভিনয়ে মগ্ন থেকে দর্শকদের মনে আগের মতোই জায়গা ধরে রাখতে চান।
