ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবির টহল দলের ওপর সংঘবদ্ধ চোরাকারবারিদের হামলার ঘটনা ঘটেছে। আত্মরক্ষার্থে বিজিবি গুলি ছুড়লে নোমান আলী (৩৫) নামে একজন নিহত হন। নোমান আলী হালুয়াঘাট উপজেলার বেতপুরী গ্রামের আলাল উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় বাঘাইতলা বাজারের ইজারাদার ছিলেন। গতকাল ভোর ৫টা
৪৫ মিনিটে হালুয়াঘাট উপজেলার তেলিখালী বিওপির আওতাধীন জলজলিয়া এলাকায় ১১১৯ নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে। নোমান একজন সাধারণ ব্যবসায়ী বলে এলাকাবাসীর দাবি। তারা বলছেন, শরীরে অস্ত্র ঠেকিয়ে তাকে হত্যা করা হয়েছে।
এদিকে ৩৯ বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, চোরাচালানবিরোধী অভিযানে আটককৃত গরু নিয়ে ফেরার পথে সংঘবদ্ধ চোরাকারবারিরা বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। বিজিবির ভাষ্যানুযায়ী, তেলিখালী বিওপির ছয় সদস্যের একটি টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে ছয়টি ভারতীয় গরু আটক করে। পরে সেগুলো ক্যাম্পে নিয়ে যাওয়ার পথে সংঘবদ্ধ একটি দল তার মধ্য থেকে দুটি গরু বলপ্রয়োগ করে ছিনিয়ে নেয়। অবশিষ্ট গরুগুলোও ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে ২০-২৫ জনের একটি দল বিজিবির টহল দলের ওপর হামলা চালায়। মৌখিকভাবে বলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতামূলক গুলিবর্ষণ করা হয়। তবে হামলা অব্যাহত থাকলে আত্মরক্ষার্থে গুলি চালান বিজিবি সদস্যরা। এতে এক চোরাকারবারি গুলিবিদ্ধ হন। তাকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি। তবে ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং সুষ্ঠু তদন্তের দাবিতে হালুয়াঘাট থানার সামনে বিক্ষোভ করেন স্থানীয়রা।
নিহত রোমানের ছোট ভাই আবু রায়হান ও পরিবারের অভিযোগ, রাতে এলাকায় গরু খুঁজছিলেন বিজিবি সদস্যরা। খবর পেয়ে তার ভাই ঝলঝলিয়া গ্রামে যান। সেখানে বাঘাইতলা বাজারের ইজারাসংক্রান্ত কাগজপত্র নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে তাকে গুলি করা হয়। আবু রায়হান অভিযোগ করেন, ভোর সাড়ে চারটার দিকে গুলির ঘটনা ঘটলেও প্রায় তিন ঘণ্টা তার ভাইকে ঘটনাস্থলে আটকে রাখা হয়।
এলাকাবাসীর দাবি— নোমান একজন সাধারণ ব্যবসায়ী। বিজিবি সদস্যরা নোমানের বাড়িতে গিয়ে শরীরে অস্ত্র ঠেকিয়ে তাকে হত্যা করে। এর প্রতিবাদে এলাকাবাসীরা রাস্তায় ইট ফেলে হালুয়াঘাটের প্রধান সড়কটি অবরোধ করে রাখে। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়।
হালুয়াঘাটের তেলিখালী ক্যাম্প কমান্ডার সুবেদার মো. আব্দুল কাদির জানান, টহল দলের ওপর হামলার পর আত্মরক্ষার্থেই এই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। এ সময় এক বিজিবি সদস্য আহত হন। ঘটনার তদন্ত চলছে।
হালুয়াঘাট থানার ওসি মো. জালাল উদ্দিন জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় হালুয়াঘাট থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
